রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়র মোসাদ্দেক হোসেন বলেছেন, তিনি সবার আগে করপোরেশনের দাপ্তরিক সুশাসন নিশ্চিত করবেন। সাবেক মেয়র যাঁদের দিয়ে প্রশাসনের কাজ করিয়েছেন, তাঁদের মধ্যে আগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। গত শনিবার বিকেলে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র এসব কথা বলেন।
১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী মেয়র মোসাদ্দেক হোসেন ১৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সিটি করপোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রেখে সেবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেন। দায়িত্বভার নেওয়ার পর থেকেই তাঁর ব্যস্ত সময় কাটছে। সরকার থেকে মেয়রের প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রত্যাহার এবং এখনো প্রতিমন্ত্রী না উপমন্ত্রীর মর্যাদা পাবেন, তা ঠিক করে না দেওয়ার প্রতিবাদে তিনি সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন না। কখনো রিকশা, কখনো মোটরসাইকেল ব্যবহার করছেন।
সাক্ষাৎকারে মেয়র বলেন, রাজশাহী সিটি করপোরেশন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। এটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সেবার ধারণাটা প্রবর্তন করাই হবে তাঁর প্রধান কাজ।
আগের মেয়রের সময় প্রশাসনে বিশৃঙ্খলা ছিল কি না, জানতে চাইলে মেয়র মোসাদ্দেক বলেন, এর আগে এখানে দরপত্রগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে হতো। একজন ঠিকাদারের নেতৃত্বে তা চলত। সবাই ওই ঠিকাদারকে চেনেন।
উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আগের মেয়রের সময় অনেক দরপত্র করা আছে, ওই কাজের টাকা না পেলে নতুন কর্মপরিকল্পনা করা দুঃসাধ্য কাজ হবে। তার পরও নতুন কিছু পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোকে এগিয়ে নেওয়ার কাজ এবং ছোট ছোট গলিপথ ও মোড়গুলো প্রশস্ত করার কাজ করা হবে। এরপর নগরের রেলগেটগুলোর ওপর ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু করা হবে।