'আগে পাকা কথা পরে ভোট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট এলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে যান মহল্লায় রাস্তা ও পানিনিষ্কাশনের নালা তৈরি করে দেবেন। ভোটে ওঠার পর তাঁরা সব ভুলে যান। তাই এবার ভোটাররা জোটবদ্ধ হয়েছেন, তাঁরা চান সমস্যা সমাধানে বাস্তবসম্মত কাজ। আগে পাকা কথা, পরে ভোট। বগুড়ার শেরপুর পৌরসভার ভোট নিয়ে এভাবেই কথা বলেন শহরের পূর্ব ঘোষপাড়া ও উত্তর সাহাপাড়ার বাসিন্দারা।
গতকাল সকালে ওই দুই মহল্লায় গিয়ে দেখা যায়, উত্তর সাহাপাড়ার আমবাগানের পূর্ব পাশে বসবাস করে শতাধিক পরিবার। এ মহল্লায় প্রবেশের কোনো সড়ক নেই। শহরের পানিনিষ্কাশনের যে নালা (ড্রেন), তা ওই মহল্লার মধ্য দিয়ে করা হয়েছে। এতে সড়ক না থাকায় মহল্লার মানুষজনের যেমন যাতায়াত কষ্ট বেড়েছে, তেমনি শহরের নোংরা পানি জমে মহল্লাবাসীর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
উত্তর সাহাপাড়ার পাঁচজন বাসিন্দা বলেন, ২০ বছর ধরে এ মহল্লায় বসতবাড়ি গড়ে উঠেছে। তাঁরাও পৌরসভায় নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু মহল্লায় চলাচলের জন্য এখনো সড়ক করে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।
এ মহল্লার বাসিন্দা পিয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের আগে প্রার্থীরা জনদরদি হয়ে যান। ভোটের পর তাঁদের খুঁজে পাওয়া যায় না। সমস্যা সমাধানে যোগ্য প্রার্থীকে তাঁরা এবার ভোট দেবেন।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী নিমাই ঘোষ বলেন, ওই সড়কটি উন্নয়নে উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে।
অন্যদিকে পূর্ব ঘোষপাড়ার মাটির সড়কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। মহল্লার সড়কের মাঝখানে পানিনিষ্কাশনের কালভার্ট থাকলেও তা ১০ বছর আগেই ভেঙে গেছে।
পূর্ব ঘোষপাড়ার বাসিন্দা মোখলেছার বলেন, তিনি পৌরসভায় প্রতিবছর ট্যাক্স দিয়ে থাকেন। কিন্তু পৌরসভার কাছে ১০ বছর ধরে তিনিসহ ওই মহল্লাবাসী কোনো ধরনের উন্নয়ন সেবা পাননি। মহল্লার আরেক বাসিন্দা দুলু বলেন, ভোট আসায় এবারও প্রার্থীরা তাঁদের মহল্লার উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এবার ভোটাররা জোটবদ্ধ হয়েছেন। সমস্যা সমাধানে তাঁরা চান বাস্তবসম্মত পাকা কথা, পরে ভোট।
এ ব্যাপারে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোবিন্দ বাড়ি প্রথম আলোকে বলেন, মহল্লাবাসী জায়গা না দেওয়ায় সড়ক তৈরি করা যায়নি। তবে তিনি স্বীকার করেন, এ সমস্যা নিয়ে মহল্লাবাসী দুর্ভোগে পড়েছেন।