'আগে পার করালে হয়তো বেঁচে যেত মেয়েটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচবিহারের এই আদালতেই ফেলানীর বিচারকাজ চলে। ছবি: ভাস্কর মুখার্জি
কোচবিহারের এই আদালতেই ফেলানীর বিচারকাজ চলে। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে বিশেষ আদালতে আজ সোমবার সাক্ষ্য দিয়েছেন কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর বাবা নুরুল ইসলাম। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ‘আজ আমার খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে কেন আমি আগে পার হতে গেলাম সীমান্ত? ফেলানীকে আগে পার করালে হয়তো বেঁচে যেত মেয়েটা।’
সকালে  কোচবিহার শহর থেকে ১০ কিলোমিটার দূরে সোনারীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৮১ ব্যাটালিয়নের সদর দপ্তরে বিশেষ আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।
কোচবিহারের সার্কিট হাউস থেকে ফেলানির বাবা নুরুল হক এবং মামা আবদুল হানিফকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিচারালয়ে নেওয়া হয়। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ফেলানীর বাবা। এ সময়ে তাঁকে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ফেলানীর বিচারের জন্য ওই আদালত তৈরি করা হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয়নি । কলকাতা, ঢাকা এবং কোচবিহারের কমপক্ষে ২০ জন সাংবাদিক ছয় থেকে আট ঘণ্টা অপেক্ষা করেও বিচারকাজের কোনো তথ্য পাননি। বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেলানীর বাবা ও মামাসহ আইজীবীকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় সার্কিট হাউজে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তাঁরা।

সকালে বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিচার কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানানো হবে। কিন্তু তা আর জানায়নি বিএসএফ। বিএসএফের উপমহাপরিদর্শকের (ডিআইজি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, কলকাতার শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে  ব্রিফ করবেন। বিকেলে সার্কিট হাউসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা  প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের বারণ আছে বাংলাদেশের কারও সঙ্গে যোগাযোগ করার। এখন সার্কিট হাউসের দায়িত্ব নিয়েছে বিএসএফ।

একটি বিশেষ সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে  আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় আদালতে ছিলেন ফেলানীকে ‘গুলিবর্ষণকারী’  বিএসএফের জওয়ান অমিয় বিশ্বাস।  বিচারক ফেলানীর বাবাকে প্রথম জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন।’ ফেলানীর বাবা উত্তর দেন, ‘ভালো আছি।’  এরপর বিচারক বলেন, ‘আমরা ফেলানীর হত্যার বিচার করব। আপনি নির্দ্বিধায় বলুন, সেদিনের ঘটনাটি।’ এরপরে  ফেলানীর বাবা সেদিনের ঘটনার বর্ণনা দেন। 

একটি সূত্র থেকে বলা হয়েছে, ফেলানীর মামার সাক্ষ্য আগামীকাল মঙ্গলবার নেওয়া হবে। বিচারকাজ পরিচালনার জন্য পাঁচ সদস্যের বিচারক দল নিয়োগ করা হয়েছে।  এর নেতৃত্ব দিচ্ছেন গুয়াহাটি বিএসএফের ফ্রন্টিয়ারের ডিআইজি (কমিউনিকেশন) সি পি ত্রিবেদী।  প্রথম দিনে বিএসএফের জওয়ান অমিয় ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। অমিয় ঘোষ তাঁর হাতে থাকা রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন ফেলানীকে ।

২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে  বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা পৃথিবীতে হইচই পড়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো সীমান্তে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। বিএসএফ সদর দপ্তর এ ঘটনার বিচার করতে জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত গঠন করে। গত মার্চে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়।