‘আগে যারা ভালো করেছে তাদের ভোট দেব’
‘অগ্রিম কথা বলে লাভ নেই। কোন প্রার্থী ভবিষ্যতে কী করবে, আর কী করতে পারবে—সেটাই আসল কথা। অতীতে কার কাছে কী পেয়েছি, নগদ নিয়ে চলাই ভালো।’ বান্দরবান পৌরসভার মধ্য বরিশালপাড়ার (বরিশালের লোকজন বেশি থাকে বলে নাম বরিশালপাড়া) চায়ের দোকানি মোহাম্মদ আক্তারের কাছে ভোটের খবর জানতে চাইলে এভাবেই জবাব দেন তিনি। অর্থাৎ অতীতে যিনি ভালো কাজ করেছেন, তাঁকেই ভোট দেবেন তিনি।নানা সমস্যায় জর্জরিত পৌরবাসী এখন স্বাচ্ছন্দ্যের জন্য নয়, ন্যূনতম সংকট লাঘবের জন্য হলেও উন্নয়ন চান বলে অনেকে বলেছেন। রিকশাচালক মোহাম্মদ করিম বলেছেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এখন অনেক স্থানে রিকশা চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য ভালো-খারাপ জানি না। উন্নয়ন যে করতে পারবেন তাঁকে ভোট দেব।’ ঠেলাগাড়ির চালক আবদুুল করিম বলেন, ‘বিগত সময়ে দলীয় প্রার্থীকে ভোট দিয়ে কোনো লাভ হয়নি। এবারে ভালো মানুষ বাছাই করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ভ্যানগাড়ির চালক আলী হোসেন বলেন, ‘মানুষ এখন আগের মতো অসচেতন নয়। যারা ভোট এলে মানুষকে বলে ভালা, আর ভোট গেলে বলে শালা—মানুষও তাদের ভালো করেই চেনে। এ জন্য অতীতে যারা ভালো কাজ করেছে তাদের ভোট দেব।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, এবার ছয়জন মেয়র প্রার্থীর মধ্যে যোগ্য একজনও নেই। রাজনৈতিক দলগুলোও ভূমিদস্যু ও বিতর্কিতদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় বান্দরবান পৌরসভা নির্বাচনে দলীয় ও নির্দলীয় মোট ছয়জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ ইসহাক, বিএনপির জাবেদ রেজা, স্বতন্ত্র সাবেক পৌর চেয়ারম্যান আয়ুব চৌধুরী, বর্তমান মেয়র মিজানুর রহমান, মাহবুবুল আলম ও সৈয়দ আহমদ তালুকদার। নারী কাউন্সিলর পদে আটজন ও সাধারণ কাউন্সিল ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটারদের মতে, আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ইসহাক, বিএনপির জাবেদ রেজা ও স্বতন্ত্র আয়ুব চৌধুরীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ইসহাককে নিয়ে দলের মধ্যে অসন্তুষ্টি রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে ইসহাক গোপনে প্রচারণা চালানোয় তিনি পরাজিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ইসহাক অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলের সবাই তাঁর পক্ষে কাজ করছে। তিনি জয়ী হবেন বলেও আশাবাদী। বিএনপি প্রার্থী জাবেদ রেজাকে নিয়ে দলে আপাতত সংকট নেই। কিন্তু দলের অনেক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ আত্মীয় মেয়র প্রার্থী থাকায় দলীয় ভোট ভাগ হতে পারে বলে অনেকের ধারণা। জাবেদ রেজাও বলেছেন দলে কোনো সমস্যা নেই। কোনো স্বতন্ত্র প্রার্থী নয়, আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি জয়ী হবেন বলে জানান।