'আগে সড়ক পরে নাম'
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক শত লোক দাবির পক্ষে সড়কে নামেন।
এ সময় তাঁদের মুখে ছিল ‘আগে সড়ক, পরে নাম, সড়ক করলে থাকবে দাম’ স্লোগান।
এলাকাবাসী জানান, বর্তমান সরকারের শাসনামলে কুলিয়ারচরে নতুন করে সড়ক হয়নি। নতুন সড়ক দূরের কথা, সংস্কারের অভাবে আগের সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কের স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী আরও জানান, বিশেষ করে আগরপুর বাসস্ট্যান্ড থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা বেহাল। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
স্থানীয় সাংসদ নাজমুল হাসানকে কুলিয়ারচরের বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কথা জানিয়ে প্রতিকার চাওয়া হয়েছে। কিন্তু সমস্যার সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে আমাদের সড়কে নামতে হলো। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় ‘শান্তি সংঘ’ নামে
একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনের সভাপতি বারাকাত হোসাইন (অর্ণব) ও সাধারণ সম্পাদক সানা উল্লাহ বলেন, দুঃখজনক হলেও সত্য কুলিয়ারচরের নতুন করে সড়ক নির্মাণ এবং আগের সড়কগুলো সংস্কার না হলেও মোড়ে মোড়ে সড়কের নামকরণের বাহার চোখে পড়ে। একই সঙ্গে কাজ শুরু না হলেও ভিত্তিপ্রস্তরের কমতি নেই। নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত সময়ের মধ্যে বেহাল সড়কগুলোর সংস্কারকাজ শুরুর দাবি জানান সংগঠনটির কর্মকর্তারা। না হলে নাগরিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।