‘আগে হরতাল গ্রামের মানুষকে ছুঁত না, এখন ছোবল মারছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে গণেশপুর বাবলাতলা এলাকা। গতকাল মঙ্গলবার দুপুরে একদল খেটে খাওয়া মানুষ বগুড়া-জয়পুরহাট সড়কের পাশে বড় গাছের নিচে ক্লান্তি জুড়াতে বসেছিলেন কিছুক্ষণ। তাঁরা কেউ দিনমজুর, কেউ শহরে রিকশা চালান, কেউ চালান ভটভটি। টানা চার দিনের হরতালে কর্মহীন তাঁরা। আটজনের মধ্যে আব্বাস আলী বয়োজ্যেষ্ঠ। তিনি বললেন, ‘দেশে এসব কী হচ্ছে? একের পর এক হরতালে আমাকেরে কীভাবে দিন যায় সে খবর তো কেউ রাখে না।’ আব্বাস আলীর সহযোগী তারা মিয়া বলেন, ‘আমি বগুড়া শহরে রিকশা চালাই। গত হরতালে আমার রিকশা ভাঙচুর করা হয়েছে। অনেক কষ্ট করে সে রিকশা পরে ঠিক করেছি। এখন ভয়ে আর যাচ্ছি না। কিন্তু রিকশা না চালালে পরিবারের পেটে ভাত জুটবে না। তাই এখানে এসেছি হরতালের কটা দিন কামলার কাজ করতে।’ তারা মিয়ার মুখের কথা কেড়ে নিয়ে মোসলেম আলী বলেন, ‘বড় দুই দলের ঝগড়াঝাঁটিতে আমাকেরে অবস্থা কাহিল। তারা কেউ ভাবে না আমরা যারা দিন আনি দিন খাই, তাদের হরতালে কাজ করতে না পারলে খাওয়া আসবে কোত্থেকে?’ আনোয়ার হোসেন বলেন, ‘আগে হরতাল হলে গ্রামের মানুষকে ছুঁত না, এখন ছোবল মারছে। আমরা গ্রামে বসে আগে বলতে পারতাম না, হরতাল কখন আসে আর কখন যায়। কিন্তু এখন আমরা হাড়ে হাড়ে টের পাই হরতালের বিষাক্ত জ্বালা।’ অটোরিকশাচালক আমিনুল ইসলাম বললেন, ‘হরতালে সবচেয়ে বড় ভয় হলো গাড়ি জ্বালিয়ে দেওয়া। গাড়ি ভাঙচুর করলে ঠিক করা যায়। কিন্তু পুড়িয়ে দিলে কিছুই থাকে না। তাই এই টানা চার দিন ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই। এ কয়েক দিন ধারের টাকায় সংসার চালাতে হবে।’