‘আগ্নেয়গিরির মতো হয়ে আছি বিস্ফোরণ ঘটবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলিয়াস আলী নিখোঁজের নয় মাস অতিবাহিত হলেও সরকার নিশ্চুপ। আজ-অবধি তাঁর কোনো সন্ধান দিতে পারেনি। ইলিয়াসকে ফিরে পাওয়ার আশায় সিলেটের মানুষ আগ্নেয়গিরির রূপ ধারণ করে আছে। আমরাও আগ্নেয়গিরির মতো হয়ে আছি। যেকোনো সময় বিস্ফোরণ ঘটবেই।’ সিলেটে গত বৃহস্পতিবার ইলিয়াসের সন্ধান দাবির সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। সরকারই তাঁকে গুম করেছে দাবি করে সিলেটে লাগাতার হরতালসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ইলিয়াস নিখোঁজের নয় মাস গতকাল অতিবাহিত হওয়ায় দুপুরে সিলেট নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ যৌথভাবে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁরা বলেন, অনতিবিলম্বে সিলেটের প্রাণপুরুষ ও সময়ের সাহসী সন্তান এম ইলিয়াস আলীকে ফেরত না দিলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’ ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা দিলদার হোসেন ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি রশিদ আহমদ, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ প্রমুখ।