'আচরণে বিনম্র হলেও নেতৃত্বে তিনি ছিলেন অবিচল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচার বা জনপ্রিয়তার ধার ধারতেন না। আচরণে বিনম্র হলেও নেতৃত্বে ছিলেন অবিচল। মহান মুক্তিযুদ্ধের এই নেতাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। যদিও তাঁকে বাদ দিয়ে এ দেশের ইতিহাস হয় না।
গত শনিবার তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর লেখা ও তাঁকে লেখা চিঠি নিয়ে সম্পাদিত গ্রন্থ তাজউদ্দীন আহমদের চিঠির প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। রাজধানীর পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম এম আকাশ ও লেখক আহমাদ মোস্তফা কামাল। সঞ্চালনা করেন তাজউদ্দীনের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
তাজউদ্দীন আহমদের চিঠি বইটি সম্পাদনা করেছেন সিমিন হোসেন রিমি। বের হয়েছে প্রকাশনা সংস্থা প্রতিভাস থেকে। বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের উত্তাল সময় এবং এর আগে-পরের রাজনীতিসহ অনেক বিষয়। ১৯৫৩ সাল থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালে কারাগারে নির্মমভাবে নিহত হওয়ার আগ পর্যন্ত নানা ঘটনা এসব চিঠির বিষয়বস্তু। বাংলাদেশের ইতিহাসের এক অতুলনীয় সময়ের খণ্ড খণ্ড চিত্র উঠে এসেছে এতে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যুদ্ধদিনের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের ওপর যে বিশাল দায়িত্ব অর্পিত হয়েছিল, তার ছবি পাওয়া যাবে এসব চিঠির পাতায়। কোনোটিতে নেতা বা কর্মী চাইছেন কাজের নির্দেশনা, জানাচ্ছেন অভাব-অভিযোগের কথা, কেউ চেয়েছেন আর্থিক সাহায্য, কেউবা দিয়েছেন নানা পরামর্শ। একমাত্র সন্তানকে নির্দ্বিধায় মুক্তিযুদ্ধে পাঠানোর কথা জানিয়ে মা-বাবার লেখা চিঠিও আছে।
১১৮টি চিঠি ঠাঁই পেয়েছে গ্রন্থটিতে। এর মধ্যে ৮৯টি চিঠির বিষয় মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাপ্রবাহ। ১৯৫৫ সালে লেখা একটি চিঠিতে তাজউদ্দীন উল্লেখ করেছেন, তোষামোদীকে তিনি যেমন ঘৃণা করেন, অন্যদিকে আবার শত্রুর গুণাবলিকেও মূল্যায়ন করেন। মুক্তিযুদ্ধের মাঝামাঝি তাজউদ্দীনকে লেখা আ স ম আবদুর রব, আবদুল কুদ্দুছ মাখন, শাহজাহান সিরাজ ও নূরে আলম সিদ্দিকীর একটি চিঠিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী গেরিলাদের সুবিধা-অসুবিধার কথা পাওয়া যায়। বইয়ের ৫৪ নম্বর চিঠিতে বাংলাদেশ সম্পর্কে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও সে দেশের ভাবনার খোঁজ মেলে। ৬৬ নম্বর চিঠিতে বগুড়া জেলা আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক তাজউদ্দীনের কাছে জানতে চেয়েছেন, কীভাবে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের সমস্যা ও অনিয়মের সমাধান করা যায়।
অনুষ্ঠানের আলোচকদের বক্তব্যে উঠে আসে কীভাবে অপরিসীম দেশপ্রেম, সততা ও মেধার সমন্বয়ে নয় মাসের মুক্তিযুদ্ধের সময় সরকার পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছেন তাজউদ্দীন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ইতিহাসের বিবেচনায় বইটি খুবই গুরুত্বপূর্ণ। এতে ইতিহাসের অনেক অংশ উন্মোচিত হয়েছে। মহান এই জননেতার জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঠককে জানতে সাহায্য করবে বইটি।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর সঙ্গে তাজউদ্দীন আহমদের পরিচয় এবং পরে তাঁর নেতৃত্বের গুণে মুগ্ধ হওয়ার স্মৃতিচারণা করেন। মুহিত বলেন, ‘তিনি যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন, তখন আমার সঙ্গে পরিচয় হয়। আর মুক্তিযুদ্ধকালে তাঁকে একজন বিশাল মাপের নেতা হিসেবে জানতে পেরেছি। কখনো জনপ্রিয়তার ধার ধারতেন না। একই সঙ্গে বিনম্র ও অবিচল নেতৃত্বের কারণেই সফলভাবে নয় মাসের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘তাজউদ্দীন কখনো আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান পছন্দ করতেন না। তিনি বলতেন, আমাদের দেশেই অনেক অব্যবহৃত সম্পদ আছে। সেগুলোর যথার্থ ব্যবহার করতে পারলে এসব সংস্থার দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে না।’
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘নানা কারণেই এই মহান নেতাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। আর এ দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের আলাদা হয়ে যাওয়া।’
এম এম আকাশ বলেন, ‘বইটি প্রকাশের মাধ্যমে শুধু পিতৃপ্রেম প্রদর্শন করেননি রিমি, বরং পালন করেছেন জাতীয় দায়িত্ব। কারণ, তাজউদ্দীনকে বাদ দিয়ে আমাদের ইতিহাস হয় না।’