'আজ আমার ঈদের খুশি'
‘আজ আমার ঈদের খুশি। একাত্তরের ১৬ ডিসেম্বর যখন আমি এবং আমার ভাইয়েরা ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্র থেকে মুক্তি পেয়েছিলাম, তখন আমার পরিবারে ঈদের খুশি দেখা দিয়েছিল। আজ আমরা আবার সেভাবে খুশি হয়েছি।’—কথাগুলো বলেছেন মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইমরান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলার এক নম্বর সাক্ষী।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ মঙ্গলবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
বাংলাদেশ লিবারেশন ফোর্সের চট্টগ্রাম নগর কমান্ডার সৈয়দ মো. ইমরান বলেন, ১৯৭১ সালের ৩০ নভেম্বর ভোরে নগরের চান্দগাঁওয়ের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল নগরের টিঅ্যান্ডটি সড়কের ডালিম হোটেলে। সেখানে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছিল তিনিসহ অন্যদের ওপর। ওই নির্যাতন কেন্দ্রে তাঁর আরও পাঁচ ভাইকে ধরে নিয়ে নির্যাতন করা হয়। তাঁর দুই ভাই সৈয়দ জামাল উদ্দিন ও সৈয়দ সরওয়ার উদ্দিনও এই মামলার সাক্ষী জানিয়ে ইমরান বলেন, ‘ডালিম হোটেলে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হতো। খিদের যন্ত্রণায় চুলার মাটি খেতাম। আজ আল্লাহ তার বিচার করেছে।’
এই ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্রে ইমরানের সঙ্গে দেখা হয়েছিল মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরীর। দুজনকে এক কক্ষে বেঁধে নির্যাতন করা হতো। আজ রায়ের সংবাদটি জাহাঙ্গীর চৌধুরী প্রথম শোনেন এই প্রতিবেদকের ফোনে। মৃত্যুদণ্ড বহালের সংবাদ শুনে তিনি আনন্দিত বলে জানান। পরে তিনি বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতার লাল-সবুজ পতাকা সার্থক হয়েছে। আজ বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাঁকে (মীর কাসেম) যদি বাঁচিয়ে রাখা হতো, তাহলে সে কিংবা তাঁর সন্ত্রাসী বাহিনী আমাদের মেরে ফেলত।’
নির্যাতনের দিনগুলোর কথা মনে করে জাহাঙ্গীর চৌধুরী বলেন, একাত্তরের নভেম্বরের শেষ সপ্তাহে চোখ বেঁধে তাঁকে ডালিম হোটেলে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তিনি দেখতে পান তাঁর ভাই প্রয়াত দস্তগীর চৌধুরীসহ ১৫-২০ জনকে। চোখ ও হাত বাঁধা থাকত। কয়েক দিন পর চোখ খুলে দিলে সেখানে দেখতে পাই মীর কাসেমকে। তিনি রায় কার্যকরের অপেক্ষায় আছেন বলে জানালেন।
এদিকে, রায় ঘোষণার পর চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধারা পৃথক আনন্দ মিছিল বের করেছে। নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট এবং গণজাগরণ মঞ্চ চেরাগি পাহাড় মোড় থেকে আনন্দ মিছিল বের করে।