‘আজ থেকে আর হাঙর ধরব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে প্রতিদিন কয়েক শ ট্রলারে করে ছোটবড় অসংখ্য হাঙর ধরে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে বিক্রি করা হয়। অনেক জেলে শুঁটকি করে হাঙরের মাংস, ডানা, হাড় ও চামড়া বিদেশে পাচার করেন। এতে যে পরিবেশের ক্ষতি হয়, তা আগে জানা ছিল না। হাঙর ধরার ব্যাপারে অতীতে কেউ জেলেদের নিষেধও করেননি। জীবনে এই প্রথম হাঙর নিধনের ক্ষতিকর দিক নিয়ে কর্মশালার আয়োজন করতে দেখলাম। আজ থেকে আমরা আর হাঙর ধরব না। অন্যদেরও এ ব্যাপারে সচেতন করব।’কক্সবাজার হাঙর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বাহাদুর গতকাল শনিবার বিকেলে এ কথা বলেন। কক্সবাজার শহরের পর্যটন মোটেল শৈবালের সম্মেলন কক্ষে ‘বঙ্গোপসাগরের সামুদ্রিক হাঙর রক্ষার উপায়’-সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।বাংলাদেশ সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মৎস্য বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, উপকূলের জেলে, মৎস্য ব্যবসায়ী, সাংবাদিকসহ বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।শহরের ফদনারডেইল চরের হাঙর ব্যবসায়ী বদি আলম বলেন, ‘চড়া দামে হাঙরের শুঁটকি, হাড় ও ডানা বিক্রি হওয়ায় জেলেরা মাছ না ধরে হাঙর নিধনে ব্যস্ত হয়ে পড়েন। হাঙর নিধনের ব্যাপারে এযাবৎ কেউ জেলেদের সচেতন করেননি। আজ সচেতন হলাম।’বাংলাদেশ সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (আবাসিক ও পরিকল্পনা) সালাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বঙ্গোপসাগরে হাঙরের বিচরণ, জীবনপ্রণালি ও নিধনের ফলে ক্ষতিকর দিক তুলে ধরেন ইনস্টিটিউটের মহাপরিচালক মো. গোলাম হোসাইন ও প্রকল্প পরিচালক এম এনামুল হক। কর্মশালায় হাঙরের ওপর বিভিন্ন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন মৎস্য বিশেষজ্ঞ এ কে ইউসুফ হারুন, বিক্রম জিত রায়, এস এম এ রসিদ, এম জলিলুর রহমান প্রমুখ।সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সমুদ্র থেকে অপরিকল্পিতভাবে মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসসহ নানা কর্মকাণ্ডের কারণে হাঙরের বিচরণক্ষেত্র নষ্ট হচ্ছে। সমুদ্রের পরিবেশ ও হাঙর রক্ষায় গত জুন মাসে মৎস্য অধিদপ্তর একটি প্রকল্প নিয়েছে। এর আওতায় এই প্রথমবারের মতো কক্সবাজারে প্রথম কর্মশালা হলো। আমরা চাই, বঙ্গোপসাগর দ্রুত হাঙরের নিরাপদ বিচরণ ক্ষেত্র হয়ে উঠুক।’