'আজ বোঝামুক্ত হলো দেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও ডালিম হোটেলে নির্যাতিত ব্যক্তিরা।
গতকাল শনিবার রাতে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস বলেন, ‘কুখ্যাত মীর কাসেমের ফাঁসি হওয়ায় আমরা আজ আনন্দিত। আমি মনে করি, দেশ আজ বোঝামুক্ত হয়েছে।’
১৯৭১ সালে ইলিয়াসকে ধরে নিয়ে গিয়েছিলেন মীর কাসেম আলী। ডালিম হোটেলে কয়েক দিন নির্যাতন চালানোর পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ১৬ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের মামাতো বোন হাসিনা খাতুন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি বিচারের জন্য। মীর কাসেম আলীর দণ্ড কার্যকর হওয়ায় আমি খুশি। আজ শান্তিতে ঘুমাতে পারব।’
১৯৭১ সালে হাসিনা খাতুনের আগ্রাবাদের বাসা থেকে ভাত খেয়ে বের হওয়ার পর তাঁর ফুফাতো ভাই কিশোর জসিম উদ্দিনকে ধরে নিয়ে যাওয়া হয় ডালিম হোটেলে। পরে তাঁকে হত্যা করা হয়। জসিমকে হত্যার অভিযোগে মীর কাসেমের ফাঁসি হয়।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস ও হাসিনা খাতুন মীর কাসেমের মামলার সাক্ষী ছিলেন। ইলিয়াস নিজে ডালিম হোটেলে নির্যাতিত। আর হাসিনা খাতুনের সাক্ষ্য তাঁর ফুফাতো ভাই জসিম উদ্দিন হত্যায় মীর কাসেমের সংশ্লিষ্টতা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মামলার সাক্ষীরা জানান, ১৯৭১ সালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লার পাশে মহামায়া ডালিম ভবনকে মীর কাসেম আলী নির্যাতন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। নির্যাতন কেন্দ্রটি ডালিম হোটেল নামে পরিচিতি পায়।
ডালিম ভবনের পেছনে হিন্দু-অধ্যুষিত হাজারী গলি। সে সময় ওই এলাকার অনেককে ডালিম হোটেলে এনে নির্যাতন করা হয়। মামলার সাক্ষী মৃদুল দে এখনো থাকেন ওই এলাকায়।
মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে মৃদুল দে বলেন, ‘একাত্তরে আমার এলাকা থেকে রনজিৎ দাশ ও টুনটু সেনকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল ডালিম হোটেলে।’