'আজ সবার রঙে রঙ মিশাতে হবে'
গান, আবৃত্তি, নৃত্য আর শোভাযাত্রার মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় দিয়েছে চট্টগ্রাম। অস্তমিত সূর্যের বিদায় বেলায় বিষাদ নয়, ছিল আশা আর আনন্দের সুর। শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়েছেন ‘রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে’ কিংবা ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে, ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়’ ইত্যাদি গান।
বাংলা বর্ষবিদায় উপলক্ষে গতকাল সোমবার এভাবে সুরের ঝরনাধারা উঠেছিল নগরের বিভিন্ন স্থানে। বর্ষবিদায় ও বর্ষবরণের প্রধান অনুষ্ঠানটি হয় নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে। বিকেলে অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠান। তাঁরা ‘প্রেমের জোয়ারে ভাসাব দোহারে’সহ তিনটি সংগীত পরিবেশন করেন।
এরপর মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পাংকন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, রক্তকরবী, মোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নবকুঁড়ি, সেবাঘর সাংস্কৃতিক সংগঠন, কৃষ্ণচূড়া স্কুলের শিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করে সুরাঙ্গন বিদ্যাপীঠ, নৃত্যরঙ একাডেমি ও চট্টলকুঁড়ি। এরপর¶একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়। তিনি করেন ‘তোমার খোলা হাওয়া’ ও ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ দুটি গান। এ ছাড়া আইরিন সাহা, গায়ত্রী চৌধুরী, প্রদীপ দাশ, হেলাল উদ্দিন ও কান্তা দে একক সংগীতে অংশ নেন। আজ একই মঞ্চে বর্ষবরণের অনুষ্ঠানমালা শুরু হবে সকাল ছয়টায় বাঁশির সুরে সুরে।
বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষে নগরের অভয়মিত্র ঘাট এলাকায় এবার নতুন করে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তারুণ্যের বৈশাখ শীর্ষক দুই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে গতকাল সাংবাদিক আবেদ খান বলেন, ‘স্বাধীনতা বিরোধ মুক্ত স্বদেশ গড়ে তুলতে হবে। সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বোমাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
এর আগে নিক্কন একাডেমির দলীয় নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কুষ্টিয়া থেকে আগত বিমল বাউলসংগীত পরিবেশন করেন। পরে মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে বিভিন্ন সংগঠন।
এদিকে বর্ষবিদায় উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। তাতে প্যাঁচা, হাতি, ঘোড়া, মানুষসহ নানা জীবজন্তুর মুখোশসহ নানা শিল্পকর্ম শোভা পায়। বিকেল পৌনে পাঁচটায় ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি নগরের কাজীর দেউড়ি, লাভ লেইন ও বৌদ্ধমন্দির হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমী থেকেও গতকাল বিকেলে অপর একটি শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এরপর শিল্পকলা একাডেমীর সংগীত শাখার ছাত্র-ছাত্রীদের আবহ সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আজ শিল্পকলায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল আটটা থেকে।