'আজও মুক্ত পৃথিবীর স্বপ্ন অর্জিত হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত দুনিয়ার স্বপ্ন দেখতেন ফরাসি সাহিত্যিক ও চিন্তাবিদ আন্দ্রে মারলো। তবে হতাশার বিষয়, তাঁর সেই মুক্ত ও স্বাধীন পৃথিবীর স্বপ্ন আজও অর্জিত হয়নি। সাম্প্রতিক প্যারিস হামলাই এর উদাহরণ। স্পেনের গৃহযুদ্ধের পটভূমিতে লেখা আন্দ্রে মারলোর লেসপোয়া উপন্যাসের বাংলা অনুবাদ আশার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবের।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের কবি, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণবন্ত এই আয়োজনে আন্দ্রে মারলোর জীবন ও তাঁর সাহিত্য নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, বইটির অনুবাদক গুরুপদ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত সোফি ওবের ফরাসি সাহিত্যে আন্দ্রে মারলোর অবস্থান তুলে ধরতে গিয়ে বলেন, ‘তিনি (মারলো) শুধু ফ্রান্সের সবচেয়ে অগ্রগণ্য লেখকই নন, গত শতাব্দীর কণ্ঠস্বরও হয়ে উঠেছিলেন। সাহিত্যকীর্তি ও মূল্যবোধের কারণে তিনি আজও সমকালীন।’
ফরাসি রাষ্ট্রদূত বলেন, ‘১৯৩৭ সালের ডিসেম্বর মাসে আন্দ্রে মারলো যখন লেসপোয়া উপন্যাস লেখা শুরু করেন, তখন স্পেনে গৃহযুদ্ধ চলছিল। যুদ্ধের শেষ না জেনেই আশাবাদের কথা লিখেছিলেন উপন্যাসে। পৃথিবী ফ্রাঙ্কো, মুসোলিনি, হিটলার ও স্টালিনের যুগ দেখেছে। অথচ একটি হিংসা ও যুদ্ধমুক্ত পৃথিবী এখনো পাইনি আমরা। মারলো স্বপ্ন দেখেছিলেন শান্তির ও সাম্যের দুনিয়ার। কিন্তু ফ্যাসিবাদী শক্তি এখনো পৃথিবীতে রয়ে গেছে।’ তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী মানুষ হত্যা করছে। প্যারিসে ১৩০ জনকে হত্যা করা হয়েছে। যাঁরা ছিলেন নিরীহ মানুষ। সন্ত্রাসীরা নিজেদের পক্ষের মানুষ ছাড়া আর সবাইকে হত্যা করতে চায়।
অনুবাদক গুরুপদ চক্রবর্তী বলেন, ১৯৭১ সালে যখন তিনি চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া গ্রামে পাকিস্তানি সেনাদের বুলেটের ভয়ে পালিয়ে ছিলেন, তখন কোনো একদিন আকাশবাণীতে শুনতে পান আন্দ্রে মারলোর কথা। তিনি যোগ দিতে চান এ দেশের স্বাধীনতাযুদ্ধে। সেই আন্দ্রে মারলোর লেসপোয়া অনুবাদ করতে গিয়ে বারবার তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। কারণ স্পেনের গণহত্যার সঙ্গে মিল আছে বাংলাদেশের গণহত্যারও। এ বই তাই বাঙালি পাঠকদের জন্য প্রাসঙ্গিক।
কবি ও সাংবাদিক আবুল মোমেন আন্দ্রে মারলোর চট্টগ্রাম সফরের বিষয়টি উল্লেখ করে বলেন, চট্টগ্রামের শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং আলিয়ঁস ফ্রঁসেজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করে গেছেন মারলো। বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন তিনি।