'আজকের জ্বালানি সাশ্রয় ভবিষ্যতের নিরাপত্তা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাস ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড যৌথভাবে গতকাল মঙ্গলবার জাতীয় জ্বালানি দিবস উদ্যাপন করেছে। ‘আজকের জ্বালানি সাশ্রয় ভবিষ্যতের নিরাপত্তা’ এ স্লোগানে সকালে নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবন মিলনায়তনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়।
সভার শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উদ্যাপনের প্রেক্ষাপট হিসেবে আলোচনা সভার শুরুতে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সূচনা সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রাকৃতিক গ্যাস তথা সব ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে আমাদের অবশ্যই মিতব্যয়ী হতে হবে। জ্বালানির সুষ্ঠু ব্যবহার এবং তা সংরক্ষণে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শেল অয়েল কোম্পানির মালিকানাধীন এ দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র তিতাস, হবিগঞ্জ, কৈলাশটিলা, রশিদপুর ও বাখরাবাদ নামমাত্র মূল্যে (৪.৫০ মিলিয়ন পাউন্ড স্টার্লিংয়ের বিনিময়ে) ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানায় ন্যস্ত করেছিলেন। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি মাইলফলক। এ দিনটি স্মরণীয় করে রাখতে ২০১০ সাল থেকে ৯ আগস্ট রাষ্ট্রীয়ভাবে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে উদ্যাপন করা হচ্ছে।