'আজক্যা কোন দলের হরতাল নাগচে বাহে?'
শনিবার বেলা পৌনে একটা। বগুড়া রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬৫ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল জলিল। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে বগুড়ায় এসেছিলেন। কিন্তু সাঘাটা থেকে রিকশাভ্যান, অটোরিকশায় বগুড়া পর্যন্ত আসতে পারলেও তিনি ঢাকায় যেতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা বগুড়ার বাস টার্মিনাল ও রেলস্টেশনে ছোটাছুটি করে ঢাকায় যাওয়ার কোনো টিকিট জোগাড় করতে পারেননি।
আবদুল জলিল রেলওয়ে বগুড়ার স্টেশনমাস্টার নজরুল ইসলামকে প্রশ্ন করেন, ‘আজক্যা কোন দলের হরতাল নাগচে বাহে? সগলি কচ্চে সরকারি দল হরতাল দিবার নাগচে?’
নজরুল ইসলাম জানান, গত শুক্রবার রাত থেকে ঢাকাগামী শত শত যাত্রী স্টেশনে ভিড় করছেন। কিন্তু ট্রেন নেই। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে ‘রংপুর এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও টাঙ্গাইল থেকে ট্রেনটি ফিরে এসেছে। ঘন কুয়াশা ও ট্রেনের নিরাপত্তাজনিত কারণে গতকাল শনিবারের ঢাকামুখী সব ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রীর মতোই দুর্ভোগের একই চিত্র দূরপাল্লার বাস টার্মিনালেও। সেখানেও ঢাকাগামী যাত্রীদের প্রচণ্ড ভিড়। কিন্তু বাস কাউন্টারগুলোতে তালা ঝুলছে। শহরের মালতীনগরের বাসিন্দা আবদুল জোব্বার বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে ভর্তি করিয়েছি। তাঁর কাছে ওষুধ কেনার টাকা নেই। টাকা নিয়ে শনিবার সেখানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাস পাচ্ছি না।’
টিআর ট্রাভেলসের ব্যবস্থাপক আবদুল মান্নান জানান, বিএনপির কর্মসূচিকে ঘিরে যানবাহনে নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বগুড়া মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে রোববার দুপুরের পর থেকে গাড়ি ছাড়ার কথা রয়েছে।