'আজি প্রণমি তোমারে'
আবৃত্তি, গান, নৃত্য ও আলোচনা সভার মাধ্যমে গতকাল শুক্রবার চট্টগ্রামে উদ্যাপন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী। পঁচিশে বৈশাখের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শতবর্ষ ধরে রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস হয়ে আছেন। বিশ্ব দরবারে বাঙালির আজকের অবস্থান রবীন্দ্রনাথেরই অবদান। চিরতরুণের কবি রবীন্দ্রনাথ।
গতকাল সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে। রণজিৎ রক্ষিতের আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে অভ্যুদয়, রক্তকরবী ও শিল্পকলা একাডেমীর সংগীত দল। শ্রেয়সী রায়ের পরিচালনায় অভ্যুদয়ের শিল্পীদের ‘চলো যাই চলো যাই’ সমবেত গানটি ছিল সূচনা সংগীত।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে শিল্পকলা একাডেমীর শিশুশিল্পীদের প্রদীপ হাতে নৃত্য পরিবেশনা প্রাণ ছুঁয়েছে দর্শকদের।
এর আগে মঞ্চে পঁচিশে বৈশাখের আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন ও শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাইফুল আলম।
পঁচিশে বৈশাখ উপলক্ষে ডিসি হিলে বিকেলে সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীদের বৃন্দনৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর গুরুকুল সংগীত একাডেমি, গীতধ্বনি, সৃজামি সাংস্কৃতিক অঙ্গন দলীয় সংগীত পরিবেশন করে। নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যনিকেতন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, সঞ্চারি নৃত্যকলা সমবেত নৃত্য পরিবেশন করে। দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। একক আবৃত্তিতে অংশ নেন রাশেদ হাসান ও মিলি চৌধুরী।