‘আজি ভালো করে নিন্দাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এইখান জারত হামাক কাহ দেখিবা আসেনা বারে, মাটিখানত পোয়াল (খড়) বিছায় থাকেছু, জারের তানে নিদ ধরে না। আগত সাহায্য তুলে খাচিনু, এলা আর বেড়াবা পারুনা। আজি তুমুরাহ একখান কম্বল দিলেন। আজি ভালো করে নিন্দাম।’প্রথম আলোর পক্ষ থেকে কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামের নিকান্দি বেওয়া (৭০)। তীব্র শীতে এই কম্বল পেয়ে কালো বেওয়া (৭৫), মাইজান বেওয়া (৭০), মশিরন, দিনজলি বেওয়া (৭০), মরগমি বেওয়াসহ (৭৫) অনেকেরই ঠোঁটের কোনে দেখা গিয়েছিল হাসির ঝিলিক। অনেকে কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।গতকাল শনিবার সকালে বলরামপুর ইউনিয়নের নয়নকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতখামার, নয়নকার, কুড়ুলিয়া, পশ্চিমপাড়া, মাস্টারপাড়া, ফকিরপাড়া ও বলরামপুর গ্রামের ১০০ দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোছা. আনোয়ারা বেগম। এ সময় বন্ধুসভার নুরুল ইসলাম, সবুজ, মোস্তাফিজুর প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে প্রথম আলোর উদ্যোগে গতকাল দুপুরে গোপালগঞ্জের নবপল্লী গ্রামে আলোকিত বৃদ্ধাশ্রমের ১০জন নিবাসীর মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রথম আলো বন্ধুসভার আলী নাইম খান, সালমা আক্তার, গোপাল কৃষ্ণ দেবনাথ, বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বিশ্বাস উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে নিবাসী বাগেরহাটের চিতলমারী উপজেলার শুকলাল বিশ্বাস (৬৫) বলেন, ‘ছেলে মেয়ে নেই। কনকইনে শীতে আবার একটা কম্বল পাইলাম। ভগবান এহনও আছে।’