‘আঞ্চলিক বৈষম্যের শিকার খুলনা’
‘স্বাধীনতা-উত্তরকালে খুলনা কেবলই বৈষম্য আর বঞ্চনার শিকার হয়েছে। একসময়কার বন্দর ও শিল্পনগর আজ অর্থনৈতিকভাবে স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বহু মিলকারখানা। গ্যাসলাইন প্রকল্প বাস্তবায়ন না হওয়া, বিদ্যুতের অভাব ও মংলা বন্দরকে আধুনিকায়ন না করায় মূলত পিছিয়ে পড়েছে এ অঞ্চল’—অনেকটা ক্ষোভের সঙ্গেই এসব কথা বললেন খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব হায়দার গাজী সালাউদ্দিন। খুলনা অঞ্চলে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ও এখানকার বিনিয়োগ-পরিস্থিতি নিয়ে আলাপ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।বিনিয়োগ বোর্ডের সূত্র অনুযায়ী, গত ছয় বছরে খুলনা বিভাগে বিনিয়োগ কমেছে আশঙ্কাজনকভাবে। গড়ে ওঠা মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, লবণ মিল, বরফকল, সিমেন্ট কারখানা, মিশ্র সার তৈরির কারখানাসহ বন্ধ হয়ে গেছে ৬৫টি প্রতিষ্ঠান।উন্নয়ন কমিটির সহসভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, খুলনাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সুষম উন্নয়ন প্রয়োজন। এটা এ অঞ্চলের মানুষের সাংবিধানিক অধিকারও। তিনি পিছিয়ে পড়া এ অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে দ্রুত গ্যাসলাইন প্রকল্প সম্পন্ন, মংলা ও ভোমরা বন্দরের আধুনিকায়ন, খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ, ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দ্রুত বাস্তবায়ন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্পের উন্নয়ন, মংলায় দ্বিতীয় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশন স্থাপন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট নিরসন, আইটি ভিলেজ-কৃষি ভিলেজ ও লাইভ স্টক এলাকা বাস্তবায়ন, দাদা ম্যাচ ফ্যাক্টরি চালু ও শিল্পকলা একাডেমী কমপ্লেক্স নির্মাণের জোর দাবি জানান।খুলনার নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, সারা দেশে দারিদ্র্যের হার কমলেও খুলনায় তা বাড়ছে। তিনি বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎই পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া ও রুগ্ণ থাকা শিল্পকারখানাগুলোকে সচল করতে।খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা অঞ্চলকে জাতীয় গ্যাস নেটওয়ার্কের আওতায় সংযুক্তি প্রকল্পের অগ্রগতি হয়নি। গ্যাস সঞ্চালন পাইপলাইন ও গ্রাহক পর্যায়ে বিতরণ পাইপলাইন নির্মাণ প্রকল্প দুটির কার্যক্রম শেষ হতে এডিপির অর্থ বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে আরও কয়েক বছর লাগবে।এদিকে ১৯৬১ সালে প্রথম বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। পরে তিন দফায় স্থান পরিবর্তনের পর ১৯৯৬ সালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ শুরু হয়। কিন্তু ১৯৯৮ সালে অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। মংলা বন্দর-সংলগ্ন পশুর চ্যানেলে নাব্যতা হ্রাস পাওয়ায় বড় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। নদীতে নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা নেই।খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, উন্নয়নের ক্ষেত্রে খুলনাকে অধিক গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার এরই মধ্যে খুলনার সার্বিক উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে, এ অঞ্চলের কলকারখানা চালুর জন্য অর্থ বরাদ্দ দিয়েছে।