'আট হাজার টাকা খুশি মনেই মেনে নেওয়া উচিত'
অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, পোশাকশিল্পের মালিকেরা যদি নিজেদের কাণ্ডজ্ঞান দিয়ে বিচার করেন এবং শ্রমিক আন্দোলন সম্পর্কে ধারণা থাকে, তাহলে শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি খুশি মনেই মেনে নেওয়া উচিত। গতকাল সোমবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নগরের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় আনু মুহাম্মদ বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বাঁচার মতো মজুরি দিতে হবে। তবে শ্রমিকদের মজুরি তথ্য বা যুক্তির ভিত্তিতে নির্ধারিত হয় না। শ্রমিকেরা বড় ধরনের আন্দোলন ছাড়া ন্যূনতম মজুরি আদায় করতে পারেননি। যুক্তিতর্ক দিয়ে বিচার করলে শ্রমিকের পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু খাবারের পেছনেই ব্যয় হয় ১৮ হাজার টাকা।
সভায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার ‘মজুরি প্রশ্ন, গার্মেন্ট শ্রমিক আন্দোলন এবং গণতন্ত্রের প্রশ্ন’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন। এতে বলা হয়েছে, বর্তমানে নতুন মজুরি বোর্ড গঠন এবং মালিকদের তৎপরতা দেখে মনে হচ্ছে আবারও তাঁরা শ্রমিকদের ঠকানোর তৎপরতায় ব্যস্ত। শ্রমিকেরা বর্তমানে মূল মজুরি দুই হাজার টাকা, বাসা ভাড়া ৮০০, চিকিৎসা ভাতা ২০০ টাকাসহ মোট তিন হাজার টাকা মজুরি পাচ্ছেন। এ টাকা দিয়ে পাঁচ সদস্যের একটি পরিবার চলা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, নাট্যব্যক্তিত্ব বন্যা মির্জা প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভার আলোচকেরা পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মূল বেতন আট হাজার টাকা, বাসা ভাড়া তিন হাজার ২০০, ৮০০ টাকা চিকিৎসা ভাতাসহ মোট ১২ হাজার টাকা নির্ধারণ এবং তা বাস্তবায়নের দাবি জানান। শিক্ষা, বিনোদনসহ অন্যান্য ভাতা আলাদাভাবে দেওয়ারও দাবি জানানো হয়।