‘আটক ব্যক্তিদের বিচার করে রায় দিতেন আলীম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুস সামাদ মণ্ডল। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে আবদুল আলীম একজন পাকিস্তানি কর্নেলকে নিয়ে জয়পুরহাট চিনিকলের ক্লাবঘরে আটক ব্যক্তিদের বিচার করে রায় দিতেন। তাঁর বিচারও সেখানে হয়েছিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সামাদ মণ্ডলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে সামাদ মণ্ডল বলেন, একাত্তরে তিনি জয়পুরহাটের পাঁচবিবি পাইলট উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তেন। তখন তাঁর বয়স ছিল ১৬-১৭ বছর। একাত্তরে জয়পুরহাটে কনভেনশন মুসলিম লীগের নেতা আবদুল আলীমের নেতৃত্বে শান্তি কমিটি গঠিত হয়। একাত্তরের ২০ এপ্রিল পকিস্তানি সেনারা স্থানীয় শান্তি কমিটির নেতাদের সঙ্গে নিয়ে ঘোড়াঘাট হয়ে পাঁচবিবি আক্রমণ করে। চারদিকে তাদের হত্যাযজ্ঞ চলতে থাকে। এ অবস্থায় তিনি পাঁচবিবিতে থাকা নিরাপদ মনে না করে চাচা সোলেমান আলী ফকিরকে নিয়ে ভারতে চলে যান। পরে ২৪ অক্টোবর রাতে তাঁরা ভারত থেকে পাঁচবিবিতে ফেরেন, সঙ্গে ছিলেন আজিবর রহমান ফকির। পরদিন শান্তি কমিটির স্থানীয় এক নেতা তাঁদের শান্তি কমিটির কার্যালয়ে গিয়ে পরিচয়পত্র সংগ্রহের পরামর্শ দিয়ে বলেন, এই পরিচয়পত্র থাকলে তাঁরা নিরাপদে চলাফেরা করতে পারবেন। ওই পরামর্শ অনুযায়ী তিনি চাচা সোলেমানকে নিয়ে শান্তি কমিটির পাঁচবিবি কার্যালয়ে যান।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, তাঁরা ওই কার্যালয়ে যাওয়ার পর পাকিস্তানি দুই নিরাপত্তারক্ষী তাঁদের ধরে পাঁচবিবি থানার পূর্বদিকে অবস্থিত ছমিরুন নেসা বেটার প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত সেনা ক্যাম্পে নিয়ে হস্তান্তর করে। কিছুক্ষণ পর তাঁদের জয়পুরহাট চিনিকলে স্থাপিত সেনা ক্যাম্পে নেওয়া হয়। তিনি বলেন, চিনিকলের কর্মকর্তাদের কোয়ার্টারের একটি ঘরে তাঁদের আটক রাখা হয়। সেখানে আগে থেকে আরও ২৫ জন বন্দী ছিলেন। বিভিন্ন সময়ে সেখানে তাঁদের ওপর ব্যাপক নির্যাতন করা হতো। আটক ব্যক্তিদের মধ্যে প্রতিদিন দুপুরের পর দুই-তিনজনের বিচার করা হতো। পাকিস্তানি একজন কর্নেলসহ আবদুল আলীম চিনিকলের ক্লাবঘরে এই বিচার করতেন। ৫৫-৬০ বছর বয়সী এক ব্যক্তি বিচারের বিভিন্ন বিষয় লিখতেন। দুপুরে যে দুই-তিনজনের বিচার হতো রাতে তাঁদের ঘর থেকে বের করে আট-দশ হাত দূরে একটি পাকুর গাছের নিচে নেওয়া হতো। সেখানে তাঁদের প্রথমে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হতো। এভাবে আট রাতে ২৩ জনকে হত্যা করা হয়।আবদুস সামাদ মণ্ডল জবানবন্দিতে বলেন, তাঁকে ও তাঁর চাচাকে আটক করার নবম দিনে শুক্রবার জুমার নামাজের পর তাঁদের বিচারস্থলে হাজির করা হয়। সেখানে আলীম তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। কর্নেল যেহেতু বাংলা বুঝতেন না, তাই উত্তর আলীম তাঁকে উর্দুতে অনুবাদ করে বলেন। একপর্যায়ে আলীম উর্দুতে কর্নেলকে বলেন, এরা দুষ্কৃতকারী, সন্ত্রাসী। এদের মেরে ফেলতে হবে।সাক্ষী বলেন, তাঁরা শুনেছিলেন, এই কর্নেল পাকিস্তানে ওয়ালী খানের এলাকার লোক। তাঁরা কর্নেলকে বলেন, তাঁরা ওয়ালী খানের ন্যাপের মতিয়া গ্রুপের ছাত্র সংগঠনের সদস্য। এসব শুনেও আলীমের মতের পরিবর্তন হয়নি। তবে কর্নেল তাঁদের মুক্তি দেন। এরপর তাঁরা সেখান থেকে প্রথমে বাড়িতে ও পরে ভারতে চলে যান। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত তাঁরা ভারতেই ছিলেন।জবানবন্দি শেষে আবদুস সামাদ মণ্ডলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। একটি প্রশ্নের পর জেরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।শাহীন রেজা নূরকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সাংবাদিক শাহীন রেজা নূরকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। শাহীন রেজা নূর শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।