‘আটক’ বিমানটি ফেরত গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অবতরণের অভিযোগে চট্টগ্রামে আটক সেই বিমানটিকে গতকাল বৃহস্পতিবার ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।দেশীয় বেসরকারি বিমান সংস্থা রূপসী বাংলা এয়ারলাইনসের বহরের জন্য ১৯ আসনের এই বিমানটি ফিলিপাইনের সাউথ-ইস্ট এশিয়ান এয়ারলাইনস থেকে ভাড়া করা হয়। গত ২৯ মে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেটি আটক করে।সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি ও রেগুলেশন) উইং কমান্ডার মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই বিমানটি আনা হয়। তাই সেটি আটক করা হয়েছিল। গতকাল বিমানটিকে ফেরত পাঠানো হয়।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় বিমানটি চট্টগ্রাম থেকে উড্ডয়ন করে থাইল্যান্ডের চিয়াংমাইতে চলে গেছে। বিমানটি যাতে আবার দেশের অন্য কোনো বিমানবন্দরে অবতরণ করতে না পারে, সে জন্য কক্সবাজারসহ দেশের অন্যান্য বিমানবন্দরকেও সতর্ক করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।এদিকে রূপসী বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছ থেকে অনাপত্তি সনদ ও কারিগরি ছাড়পত্র পেয়েছেন। এর ভিত্তিতে বিমানটি এ দেশে এনেছিলেন। বাকি অন্যান্য অনুমতির জন্য তাঁদের আবেদন করা ছিল, যা পরে সম্পন্ন করার সুযোগ ছিল। তিনি বলেন, এখন তাঁদের সিদ্ধান্ত হচ্ছে, সিভিল এভিয়েশনের অনুমতি পেলে তাঁরা বিমানটি নিয়ে আসবেন। তাঁরা এ রকম দুটি বিমান নিয়ে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করতে চান।