'আত্ম/পরিচয়' আজই শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষ ছিল একটু ব্যতিক্রমী। প্রবেশমুখে পৌঁছতেই কানে আসে তবলার মৃদু আওয়াজ। তবে কি প্রদর্শনী শেষ? না এখনো যে শিল্পকর্ম আছে। প্রবেশমুখ পেরিয়ে ভেতরে যেতেই মৃদু আওয়াজটা জোরালো হলো। দেখা গেল, তবলার পিঠে হাত বুলাচ্ছে এক কিশোর। বয়স চৌদ্দ কি পনেরোর কোঠায়, নাম পঞ্চম সান্যাল।
প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত দৃশ্যশিল্প প্রদর্শনী ‘আত্ম/পরিচয়’ এ গতকাল ছিল একটু ভিন্ন আয়োজন। প্রতিদিনের মতো সন্ধ্যায় পারফরম্যান্স আর্টের স্থলে এদিন ছিল তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। ছিল বাদ্যযন্ত্র বাজানো, গানের আসর। পঞ্চম সান্যালের তবলার পাশাপাশি বেহালা বাজিয়ে শোনান কিশোরী শ্রাবণ। নিজের লেখা ও সুর করা গান গেয়ে শোনান সিনহা, শুভ, আলতাফ ও মুন।
দৃশ্যশিল্প প্রদর্শনীর আজই শেষ দিন। তাই গতকালও ছিল দর্শকদের ভিড়। প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে দেশের নবীন শিল্পীদের এই দৃশ্যশিল্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৫ নভেম্বর। প্রদর্শনীটি নিবেদন করা হয়েছে হলি আর্টিজান বেকারিতে ফারাজ, অবিন্তা, তারিশি, ইশরাতসহ নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে।