‘আত্মস্বীকৃত খুনি সাংসদ গিয়াসকে গ্রেপ্তার করুন’
জিয়াউর রহমানকে খুনের কথা উল্লেখ করে তদবিরের কাজ দ্রুত করার জন্য সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ায় আওয়ামী লীগের সাংসদ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম।বিএনপির এই নেতা বলেন, ‘আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই আত্মস্বীকৃত খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করুন। এই সাংসদ নিজের এলাকায় মানুষ খুন করেছেন।’গতকাল শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে তরিকুল ইসলাম এই দাবি জানান।প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, এরপর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তরিকুল ইসলাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়াই করেন। তাঁকে কটাক্ষ করে গফরগাঁওয়ের সাংসদ গিয়াস উদ্দিন সচিবালয়ে গিয়ে বলেছেন, জিয়াকে তিনি খুন করেছেন। জাতি জিয়া হত্যাকারীদের বিচার চায়।’ তিনি বলেন, বর্তমান সরকার যদি আত্মস্বীকৃত খুনি গিয়াস উদ্দিনের বিচার না করে, জনতার আদালতে তাঁর বিচার হবে।জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সরকারের মহাপরিকল্পনা: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার মহাপরিকল্পনার অংশ হিসেবেই গুম, খুন এবং বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, পুঁজিবাজার, হল-মার্ক, পদ্মা সেতু, কুইক রেন্টাল ও ডেসটিনির হাজার হাজার কোটি টাকার দুর্নীতিও সেই মহাপরিকল্পনার অংশ। খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুলের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।প্রতিটি মুহূর্ত আতঙ্কে: বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের হিংস্রতা ও বর্বর দুঃশাসনে পুরো দেশ এখন বিপর্যন্ত। সরকারের প্রতিহিংসা ও ভয়াবহ নিপীড়নের মুখে দেশের মানুষের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে।’