'আত্মহত্যা' নয় খুন, ১০ বছর পর স্বীকারোক্তি!
>নান্দাইল পৌরসভার আচারগাঁও মহল্লার মো. আবদুর রাশিদ ২০০৬ সালে আত্মহত্যা করেছিলেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনসহ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার আচারগাঁও মহল্লার মো. আবদুর রাশিদ ২০০৬ সালে আত্মহত্যা করেছিলেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনসহ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এর ১০ বছর পর অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সেটি হত্যা বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
এ ঘটনায় গত রোববার আবদুর রাশিদের ছেলে মো. গোলাপ মিয়া থানায় হত্যা মামলা করেছেন। এতে পৌরসভার নাথপাড়া মহল্লার অলি নেওয়াজের ছেলে আবদুর রশিদসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নাথপাড়া মহল্লার ব্যবসায়ী শ্যামল চন্দ্র দাস ২০০৬ সালের ২২ আগস্ট খুন হন। গত বছরের ১৩ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক হাকিম মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মো. তফাজ্জল হোসেন বলেন, তিনি শ্যামল হত্যা মামলায় ৮ ফেব্রুয়ারি নাথপাড়া মহল্লার মৃত অলি নেওয়াজের ছেলে আবদুর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন। আবদুর রশিদ বিচারিক আদালতে শ্যামল হত্যার সঙ্গে তিনিসহ আরও কয়েকজন জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির একটি অংশে পেশায় রিকশা মেরামতকারী আবদুর রাশিদকে হত্যা করা হয়েছিল বলে প্রকাশ পায়।
আবদুর রাশিদের ছেলে গোলাপ মিয়া বলেন, ২০০৬ সালে তিনি ছোট ছিলেন। তাঁর বাবা আবদুর রাশিদ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা ও এলাকার প্রভাবশালীরা তাঁদের জানিয়েছিলেন। বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তাঁর মা মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁদের পরিবারটি ভেঙে পড়ে। এখন তিনি হত্যা মামলা করেছেন। জবানবন্দির কিছু অংশ মামলার বিবরণে উল্লেখ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, আবদুর রশিদ আদালতে বলেছেন, ব্যবসায়ী শ্যামলকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটি আবদুর রাশিদ দেখে ফেলেছিলেন। এ কারণে তাঁরা রাশিদকে হত্যা করে লাশ একটি আমগাছে ঝুলিয়ে রাখেন। ২০০৬ সালের ৩০ আগস্ট পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে মৃতদেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের কথা উল্লেখ করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়াত হোসেন বলেন, ‘মামলাটি হাতে পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তকাজ শুরু করেছি।’