চট্টগ্রামে পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। চুরির মামলায় গত শুক্রবার রাতে আসামি ইসহাক মিয়াকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার সকালে কোতোয়ালি থানার হাজতখানায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের দাবি, আসামি ইসহাক মিয়া হাজতখানার শৌচাগারে আত্মহত্যা করেছেন। তবে মৃত আসামির ভাই দীন মোহাম্মদ অভিযোগ করেছেন, পুলিশের মারধরের কারণে ইসহাক মিয়া মারা গেছেন। তাঁর ভাই আত্মহত্যা করেননি।
ইসহাক মিয়ার বাড়ি চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায়। তিনি চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় জাহিদ এন্টারপ্রাইজ নামের একটি বিপণন প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁর এক মেয়ে ও দুই ছেলে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ইসহাক মিয়ার বিরুদ্ধে চুরির মামলা করেন প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক জাকির খান। শুক্রবার রাতে ইসহাককে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘চুরির মামলায় গ্রেপ্তারের পর ইসহাককে হাজতখানায় রাখা হয়। গতকাল সকালেও সে আরেক হাজতির সঙ্গে কথা বলেছিল। ওই হাজতির সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যে শৌচাগারে গিয়ে আত্মহত্যা করে।’ ইসহাকের সঙ্গে একই হাজতে অবস্থান করছিলেন আরেকটি মামলার আসামি ওমর ফারুক। তিনি বলেন, ‘ইসহাক এবং আমি একসঙ্গে হাজতখানায় ছিলাম। সর্বশেষ সকাল সাড়ে আটটায় তাঁর সঙ্গে কথা হয়। ওই সময় তিনি আমার গায়ের শার্ট চেয়েছিলেন। আমি দিইনি। এরপর তিনি বাথরুমে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁকে খোঁজাখুঁজি করছিল।’ ফারুক জানান, পুলিশ এসে পরে ইসহাককে শৌচাগারের ভেন্টিলেটরের সঙ্গে শার্ট প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে।
তবে ইসহাকের ভাই দীন মোহাম্মদের অভিযোগ, জাহিদ এন্টারপ্রাইজের লোকজন পুলিশের সঙ্গে যোগসাজশ করে তাঁর ভাইকে মেরে ফেলেছে। তিনি জাহিদ এন্টারপ্রাইজ ও পুলিশের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
জাহিদ এন্টারপ্রাইজের বিক্রয় ব্যবস্থাপক জাকির খানের দাবি, ইসহাক পুলিশের হেফাজতে ছিলেন। সেখানে কী ঘটেছে তা পুলিশ বলতে পারবে। তিনি জানান, প্রতিষ্ঠানের ভল্ট ভাঙার চেষ্টা ও ৫০০ টাকা চুরির অভিযোগে ইসহাকের বিরুদ্ধে মামলা করা হয়।