‘আদরের অত্যাচারে’ কাহিল তিন বাঘের বাচ্চা
মানুষের ‘আদরের অত্যাচারে’ রয়েল বেঙ্গল টাইগারের বাচ্চা তিনটি রীতিমতো কাহিল হয়ে পড়েছে। গত সোমবার শ্যামলী থেকে আটক হওয়া এই বাচ্চাগুলো রাতে রাজধানীর হাতিরপুলের একটি মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে। গতকাল সকাল থেকেই সেখানে অতি উৎসাহী দর্শনার্থীদের ভিড় জমতে থাকে। গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা বাঘের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, ডাকাডাকিসহ নানাভাবে উত্ত্যক্ত করছে। বাচ্চাগুলো আতঙ্কিত হয়ে চিৎকার, ছুটোছুটি করছে। একটি বাচ্চাকে বেশ দুর্বল মনে হলো।বন্য প্রাণী চিকিৎসক জাহেদ মালেকুর রহমান জানান, মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর শিকারিদের হাতে পড়ে বাচ্চাগুলো এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। সুন্দরবন থেকে সাতক্ষীরা হয়ে রাজধানীতে আসা, শ্যামলীতে পাচারকারীদের ঘরে ১৫ দিন আটক থাকা এবং উদ্ধারের ধকল—সব মিলিয়ে শারীরিকভাবে বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়েছে। যথাযথ খাদ্যের অভাবে পুষ্টিহীনতাও দেখা দিয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে দর্শনার্থীদের অতি উৎসাহ, হইচইয়ের শব্দ।সন্ধ্যায় র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেন। মূল প্রবেশপথ আটকে দেন র্যাব সদস্যরা। মিনি চিড়িয়াখানার মালিক আবদুল ওয়াদুদকে আর কোনো দর্শনার্থী প্রবেশ করতে না দেওয়ার জন্য বলা হয়। আজ কোনো দর্শনার্থীকে বাঘের কাছে যেতে দেওয়া হবে না বলে জানান তিনি।উপস্থিত বন বিভাগের বন্য প্রাণী চিকিৎসক জাহেদ মোহাম্মদ মালেকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বাঘের বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, শুশ্রূষা করছে। দর্শনার্থীদের ‘উৎপাত’ কমে এলে বাঘের বাচ্চাগুলো কিছুটা শান্ত হয়। গতকাল বাঘের বাচ্চাগুলোকে ল্যাকটোজেন-১ দুধ, মুরগি, গরুর মাংসের কিমা ও হাড্ডি খেতে দেওয়া হয়। এতে তাদের প্রোটিন ও মিনারেলের চাহিদা মিটবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বন্য প্রাণী চিকিৎসকেরা।বাঘের বাচ্চাগুলোকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে, নাকি অন্য কোথাও রাখা হবে, সেই সিদ্ধান্ত নিতে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দলটি আজ বৈঠক করবে। আর সুন্দরবন থেকে কীভাবে চোরাচালান হলো, তা খতিয়ে দেখতে বন বিভাগ থেকে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক আকবর হোসেনের নেতৃত্বে ওই কমিটিতে আছেন খুলনা বিভাগের বিজিবির একজন প্রতিনিধি, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার। বাঘ পাচারের ঘটনায় গ্রেপ্তার জাকির হোসেনের বক্তব্যে বন সংরক্ষক তপন দের নাম আসার ঘটনায় বন বিভাগ থেকে একটি ব্যাখ্যা পাঠানো হয়েছে। প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী স্বাক্ষরিত ওই ব্যাখ্যায় দাবি করা হয়, বঙ্গবন্ধু সাফারি পার্কের জন্য এ ধরনের কোনো বাঘের বাচ্চার প্রয়োজন নেই। ধৃত আসামি গণমাধ্যমের কাছে তপন কুমার দের নাম উদ্ধৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন।