‘হাইকোর্টের যত দুরবস্থাই হোক না কেন, এটি ঠিক যে আজ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট না থাকলে আপনি কিন্তু এখানে থাকতে পারতেন না। আপনাকে এখন জেলে থাকা লাগত। এখনো হাইকোর্টে গিয়ে বিচার চাওয়া যায়। বিচার পাওয়া যায়।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমানের উদ্দেশে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী ফোরামের উদ্যোগে ‘মানবাধিকার ও আইনের শাসন: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনায় আমার দেশ-এর সম্পাদক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমান হাইকোর্টের বিচারপতিদের গত তিন বছরের কর্মকাণ্ড উল্লেখ করে কড়া সমালোচনা করেন।সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ্, আ ন হ আখতার হোসেন, হামিদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।