‘আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাফলংয়ে বোমা মেশিনের অবাধ ব্যবহার’
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) একটি পরিদর্শক দল। গত রোববার দিনভর ওই দলের সদস্যরা জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শক দলের সদস্যরা জানিয়েছেন, আদালত ও সরকারের নিষেধাজ্ঞা থাকায় জাফলংয়ে পাথর উত্তোলনে কোনো বোমা মেশিন ব্যবহার করার নিয়ম নেই। তবে রাত ১০টার পর থেকে এখানে অসংখ্য বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন করা হয় বলে স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে প্রতিনিধিদলের সদস্যরা জানতে পেরেছেন।পরিদর্শক দলের নেতৃত্ব দেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল। প্রতিনিধিদলে সদস্য ছিলেন বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, জাতীয় পরিষদের সদস্য ফাদার জোসেফ গোমেজ, বাপার সদস্য তোফাজ্জল সোহেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক শাকিল।বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় বাসিন্দারা আমাদের জানিয়েছেন, রাতের বেলা এখানে বোমা মেশিন চালু হয়। এটি স্বচক্ষে প্রত্যক্ষ করতে পরিদর্শক দল রোববার রাতে জাফলংয়ে অবস্থান করে এ কথার সত্যতাও পেয়েছে।’