'আদালতের পুরো সময় বিচারকাজে ব্যয় করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

বিচারব্যবস্থায় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতা জনগণের বিচারলাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বলে দেখছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, অবশ্যই মামলাজটের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে হবে। এ জন্য বিচারকদের পরিহার করতে হবে অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি। আদালতের পুরো সময় বিচারকাজে ব্যয় করতে হবে।
দুই দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬-এর সমাপনী দিনে গতকাল রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে কর্ম-অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘জেলা জজ জেলার জ্যেষ্ঠ বিচারক ও জেলা পর্যায়ে বিচার প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। জেনে ব্যথিত হয়েছি, কোনো কোনো জেলার জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিম সম্পূর্ণ ব্যক্তিগত কারণে অনাকাঙ্ক্ষিত বিবাদে জড়িয়ে পড়ছেন। এটি জেলার সামগ্রিক বিচারব্যবস্থার ওপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে। জ্যেষ্ঠ ও দায়িত্ববান কর্মকর্তা হওয়ার কারণে সংশ্লিষ্ট জেলা জজ তাঁর প্রজ্ঞা ও সুবিবেচনার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটাবেন।’

জেলা জজদের উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, ‘শুনতে পাই, কোনো কোনো জেলা জজ মধ্যাহ্নবিরতির পর আদৌ বিচারকাজে বসেন না। কোনো কোনো জেলা জজের ও তাঁর অধীন বিচারকের পরিবার ঢাকায় থাকে।
তাঁদের মধ্যে কয়েকজন জজ ও তাঁর অধীন বিচারক বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার উদ্দেশে রওনা হন, রোববার দুপুরে কর্মস্থলে ফেরেন। কোনো কোনো জেলা জজ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি গাড়ি নিয়ে জেলার বাইরে ভ্রমণ করেন। ঢাকার বাইরে কর্মরত কোনো কোনো জেলা জজের গাড়ি প্রায়ই ঢাকা শহরে দৃশ্যমান হয়। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জেলা জজ নিজে সঠিক সময়ে আদালতে আসবেন, পুরো বিচারিক সময় বিচারকাজে যুক্ত থাকবেন এবং অন্য বিচারকদের একইভাবে নিয়মানুবর্তী ও সময়নিষ্ঠ হতে সহায়তা করবেন।’

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, নিম্ন আদালতগুলো প্রায় ২৭ লাখ মামলার জট বয়ে বেড়াচ্ছেন। অনিষ্পন্ন মামলার এ বোঝা আদালত ব্যবস্থাপনাকে করতে পারে গতিহীন ও বাড়িয়ে দিতে পারে মামলা ব্যয়। এ কারণে মানুষ তাদের বিরোধকে আদালতে আনতে নিরুৎসাহিত হতে পারে, আগ্রহী হতে পারে বিচারবহির্ভূত পন্থায় অর্থ বা পেশিশক্তির মাধ্যমে সুবিধাজনক সমাধানপ্রাপ্তির। ফলে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা শিথিল হতে পারে, সমাজে অসহিষ্ণুতা ও সংঘাতের প্রসার ঘটতে পারে। এ মামলাজট থেকে মুক্তি পেতে বিচারকদের অপ্রয়োজনীয় সময়দানের সংস্কৃতি পরিহার করতে ও আদালতের পুরো সময় বিচারকাজে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনা-সংক্রান্ত সমস্যা, বিচার বিলম্ব ও আদালতসংশ্লিষ্ট অন্য সংস্থাসমূহের মধ্যে সমন্বয়গত সমস্যা সমাধানে নিয়মিত জুডিশিয়াল কনফারেন্স করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি।

কর্ম-অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘আমাদের কাজ হচ্ছে বিচার করা, যারা বিচারপ্রার্থী জনগণ, তাদের সুবিচার দেওয়া। অনেক সমস্যা আছে, সমস্যা থাকা সত্ত্বেও আমাদের কাজ আমাদের মতো চালিয়ে যেতে হবে। সবচেয়ে বড় সমস্যা যেটি দেখেছি, তা মামলাজট। এটি বড় বোঝা। যত মামলা বেশি হচ্ছে, আমাদের ঘাড়ের ওপর চাপ বাড়ছে। কাজ চালিয়ে যেতে হবে ও বিচার করতে হবে।’

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আকতারের সঞ্চালনায় এই পর্বে সূচনা বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। পরে ‘আইন সহায়তা কার্যক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা’-বিষয়ক কর্ম-অধিবেশনে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, তিনি মনে করেন, সরকারি যে আইনগত সহায়তা করে যাচ্ছে বা শুরু করেছে, এটি খুব অপ্রতুল। ইতিমধ্যে সব জেলায় আইন-সহায়তা চালু হয়েছে। এ ক্ষেত্রেও জনবল-সংকট। এসব ক্ষেত্রে দেশের সব বেসরকারি সংস্থার (এনজিও) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। বিনা বিচারে ১৮ বছর ধরে বন্দী এক ব্যক্তিকে স্বতঃপ্রণোদিত আদেশের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে হাজির করা হয়েছিল। জিজ্ঞাসা করে জানা যায়, ঘটনার পরপরই প্রতিপক্ষ ধরে নিয়ে তাঁর হাত কেটে দেয়। যদি জামিন দেওয়া হয়, তাহলে কোথায় যাবেন, এর জবাবে ওই ব্যক্তি বলেন, তা তিনি জানেন না। দেশের প্রেক্ষাপটে এনজিওগুলোর এই সামাজিক পুনর্বাসনে কাজ করার আছে।