জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রস্তাবিত ‘আদিবাসী অধিকার আইন’ বিল আকারে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সাংসদ রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘পাহাড় ও সমতলের আদিবাসীর অধিকার রক্ষায় এই আইনের বিকল্প নেই। সব আদিবাসী জনগোষ্ঠীর মতামত নিয়ে আইনটির খসড়া আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করব।’ গতকাল সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস এ সভার আয়োজন করে।ককাসের আহ্বায়ক মেনন বলেন, ইতিমধ্যে রাজশাহী, হালুয়াঘাট, মৌলভীবাজার, কুয়াকাটা, দিনাজপুর ও চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মতামত নেওয়া হয়েছে। তিনি এই খসড়া আইনকে সংসদ অধিবেশনের মাধ্যমে আইনে পরিণত করার বিষয়ে আশ্বাস দেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন আরও বলেন, আদিবাসীদের আইনি সুরক্ষা না থাকলে সাংবিধানিক স্বীকৃতিতেও অধিকার রক্ষা হবে না। ককাসের সমন্বয়কারী মেজবাহ কামাল বলেন, পাহাড়ে সশস্ত্র সংগ্রাম হয়েছে বলে সেখানে আদিবাসীদের কিছুটা অধিকার আদায় হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখনো বাস্তবায়িত হয়নি। সমতলের আদিবাসীদের পরিস্থিতি আরও খারাপ। সেখানে আদিবাসী আন্দোলনকে কঠোরভাবে দমন করা হয়। সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জমির জন্য সংগ্রাম করে আলফ্রেড সরেন জীবন দিয়েছেন। আজও তাঁর হত্যার বিচার হয়নি। তিনি প্রস্তাবিত আইনে ‘সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, মাতৃভাষায় আদিবাসীর প্রাথমিক শিক্ষা লাভ এবং আদিবাসীর ভাষার সুরক্ষা’সংবলিত কয়েকটি ধারা সংযোজনের প্রস্তাব দেন।আদিবাসী নারী নেত্রী টুকু তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলসহ দেশব্যাপী আদিবাসী মেয়েরা গৃহকর্মের পাশাপাশি মাঠে কাজ করেন। ঘরের বাইরে কাজে গিয়ে প্রতিনিয়ত তাঁরা ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। আদিবাসী শিশুরাও এখন নিরাপদ নয়। তিনি আদিবাসী নারী ও শিশুর নিরাপত্তাদানের বিষয় প্রস্তাবিত আইনে সংযোজনের দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন আহসান আলী, সৌরভ শিকদার, হাসান আরিফ, প্রসেনজিৎ চাকমা প্রমুখ। সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।