‘আদিবাসী শিশুদের জন্য আদিবাসী শিক্ষক প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী শিশুদের প্রাথমিকে মায়ের ভাষায় শিক্ষা দিতে সরকারিভাবে আদিবাসী শিক্ষক নিয়োগের পক্ষে মত দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। গতকাল বুধবার সিলেটে আদিবাসীদের নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) আয়োজিত ‘প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিশুদের দ্বি-ভাষিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এ মতামত ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী। বক্তৃতায় তাঁরা সিলেটের আদিবাসী অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেসরকারি সংস্থা পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিক্ষক নিয়োগ থাকায় আদিবাসী শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে বলে সভায় জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগীয় উপপরিচালক বক্তৃতায় বলেন, সিলেটে বেসরকারি পর্যায়ে প্রাথমিক শিক্ষায় আদিবাসী শিক্ষক নিয়োগ করে সফলতা পাওয়ার পর এখন আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারিভাবে আদিবাসী শিক্ষক নিয়োগ প্রয়োজন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, আদিবাসী শিশুদের ভাষাগত দূরত্ব ঘোচাতে আদিবাসী শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। সিলেট অঞ্চলের প্রেক্ষাপটে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আলোচনা সভার আয়োজক একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে সভায় টিআইবির সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ডের সমন্বয়কারী নাসরিন বানু, আদিবাসী কমিউনিটি শিক্ষক হিমা খংস্তিয়া বক্তব্য দেন।