'আদিবাসীদের অধিকার নিয়ে সচেতনতার অভাব'
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রাষ্ট্রের ওপরের স্তরে আদিবাসীদের অধিকার নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। অনেকের মধ্যে রয়েছে বিভ্রান্তি, যার প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছে। আর এ কারণেই দেশে আদিবাসীদের অধিকার নিশ্চিত হচ্ছে না।
আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মানুষের জন্য ফাউন্ডেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজন এবং যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউকে এইডের সহযোগিতায় বাংলা একাডেমি চত্বরে চলছে এ অনুষ্ঠান। এ উপলক্ষে বাংলা একাডেমি চত্বরে দেশের ৩০টি আদিবাসী বিষয়ক সংগঠন বিভিন্ন আদিবাসী পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টল দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানবেন্দ্র নারায়ণ লারমা বলেন, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকলে আজকে আদিবাসীদের অধিকার থাকত। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত হতো। সেই গণতান্ত্রিক শাসন নেই বলেই দেশে ৫৪টি আদিবাসী জাতিগোষ্ঠীর ৩০ লাখ মানুষ ধীরে ধীরে এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান রাশেদ খান মেননকে উদ্দেশ করে বলেন, রাষ্ট্র সংবিধানে আদিবাসী শব্দটি যুক্ত করেনি। বাংলাদেশে কোনো আদিবাসী আছে সে কথাও সরকার স্বীকার করে না। তাহলে প্রশ্ন হচ্ছে সেই সরকারের একজন মন্ত্রী হয়ে রাশেদ খান মেনন আদিবাসীদের অধিকারের বিষয়টিকে কীভাবে দেখেন।
মিজানুর রহমান আরও বলেন, দেশে কল্পনা চাকমা অপহৃত হয়েছে। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অপহরণকারীদের বিচারও হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি ধর্মান্ধ উগ্র গোষ্ঠীদের উসকে দিচ্ছে। এ কারণেই নীলাদ্রি চট্টোপাধ্যায়ের মতো মানুষ খুন হচ্ছে। অভিজিৎ রায় ও আশিকুর রহমানসহ অন্যান্য ব্লগারও একের পর এক হত্যাকাণ্ডের স্বীকার হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তারা।