‘আদিবাসীদের অসহযোগিতায় ভূমি কমিশন কাজ করছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কমিশন গঠন করা হলেও আদিবাসী নেতাদের অসহযোগিতার কারণে সেটি ঠিকমতো কাজ করতে পারছে না।গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত দি চিটাগং হিল ট্র্যাকটস রেগুলেশন, ১৯০০ শীর্ষক বইয়ের প্রকাশনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন। বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী পার্বত্য এলাকায় জরিপ করে ভূমিবিরোধ নিষ্পত্তি করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। কিন্তু কমিশনের চেয়ারম্যানের ডাকে আদিবাসী নেতারা সাড়া দিচ্ছেন না। এ জন্য আদিবাসী নেতারা কমিশনকে সাহায্য করলে পার্বত্য এলাকায় ভূমিবিরোধ সমাধান করা সম্ভব।তিনি আরও বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথমবারের মতো সংবিধানে ‘উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’কে স্বীকৃতি দেওয়া হলো। এর ফলে ‘উপজাতি’দের আঞ্চলিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিকেল সাড়ে চারটায় সভার শুরুতেই আইনমন্ত্রী চিটাগং হিল ট্র্যাকটস রেগুলেশন, ১৯০০ বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রতিকার চাকমা। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে দেবাশীষ রায় বলেন, আদিবাসীরা তাদের দাবি থেকে সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলা হয়েছিল, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’-এর জায়গায় ‘ভিন্ন ভিন্ন জাতিসত্তা’ বা ‘ভিন্ন ভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠী’ শব্দগুলো বেশি গ্রহণযোগ্য হবে। কিন্তু ‘উপজাতি’ শব্দের জায়গায় ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবি থেকে কোনোভাবেই আদিবাসী নেতারা সরে আসেননি।বিচারপতি গোলাম রাব্বানী সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি ভৌগোলিক রাষ্ট্র। একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে এখানে বিভিন্ন ধর্মের ও ভাষাভাষী মানুষ বসবাস করে। একই ভূখণ্ডের মধ্যে কাউকে সুযোগ বেশি বা কম দিয়ে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।