‘আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ঘোষিত সব দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’টি পালিত হয় না। উপরন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে কোনো আদিবাসী নেই। অথচ নিজস্ব সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি-ঐতিহ্য নিয়ে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। তাই অবিলম্বে সংবিধান সংশোধন করে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানিয়েছেন। সকালে ডিসি হিল মুক্তমঞ্চে বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চল এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরৎ জ্যোতি চাকমা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির।রানা দাশগুপ্ত বলেন, মহাজোট সরকারের সাড়ে তিন বছর অতিক্রান্ত হলেও নির্বাচনী ইশতেহার অনুযায়ী এখনো পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। পার্বত্য অঞ্চলে এখনো সেনাক্যাম্প বহাল রয়েছে। চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি শুনতে শুনতে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা এখন ক্লান্ত। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমন্বয়ক শাহ আলম, গণঐক্য কমিটির আনোয়ারুল কবির, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হানিফ, নারীনেত্রী বেবি ভট্টাচার্য্য, শিক্ষক নিজাম উদ্দিন, মানবাধিকারকর্মী বাসিংথোয়াই মারমা, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মংহ্লাচিং রাখাইন প্রমুখ।