ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেছেন, ‘সিলেটের চা-বাগানে ও পুঞ্জিতে বসবাসরত আদিবাসীদের কৃষ্টি-সংস্কৃতি খুবই উন্নত। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। ঐতিহ্যের মাধ্যমে মানুষ নিজের পরিচয় তুলে ধরতে পারে।’ রাষ্ট্রদূত গত সোমবার থেকে বুধবার তিন দিন মৌলভীবাজারের কুলাউড়ার মুড়ইছড়া চা-বাগান শিশুশিক্ষা কেন্দ্র ও মুড়ইছড়াপুঞ্জি শিশুশিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কমিউনিটি মিটিংয়ে এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও কারিতাস বাংলাদেশ পরিচালিত শিশুশিক্ষা কেন্দ্র দুটি পরিদর্শনকালে তিনি আরও বলেন, ‘সবাইকে পড়ালেখা করতে হবে যেন সরকারের ভিশন অনুযায়ী ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা যায়।’ তিনি চা-বাগান এবং পুঞ্জির সব পরিবারের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠানোর আহ্বান জানান। কারিতাস দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়নের পরিচালক জ্যোতি এফ গমেজের সভাপতিত্বে ‘কমিউনিটি মিটিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রদূতের সহধর্মিণী মিসেস পাওলা, রাষ্ট্রদূতের প্রথম সেক্রেটারি জর্জ নিতো রে, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ‘কারিতাস আলোঘর’ প্রকল্পের পরিচালক কাজী রায়হান জামিল, কর্মসূচি ব্যবস্থাপক শিশির অ্যাঞ্জেলো রোজারিও, লক্ষ্মীপুর মিশনের পাল পুরোহিত ফাদার যোসেফ গমেজ, কারিতাস সিলেট অঞ্চলের ব্যবস্থাপক সেলেস্টিন শিশির ম্রি, নারী নেত্রী বাবলী তালাং, চা-শ্রমিক নেতা বিশ্বনাথ বাউরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস আলোঘর প্রকল্পের সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার।