‘আদিবাসীদের জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেছেন, ‘বিগত ৪০ বছরে আদিবাসীরা ক্রমেই প্রান্তসীমায় চলে গেছে। আদিবাসীদের অধিকার সংরক্ষণ করতে হবে, জাতিগত পরিচয় নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে তাদের ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষা করতে হবে। আদিবাসীদের নিজস্ব ভাষায় অন্তত প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যবস্থা করতে হবে।’ বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে আদিবাসী আইনের খসড়া নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আদিবাসী রাখাইনদের সঙ্গে গতকাল শনিবার মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি জানান, আদিবাসী আইনের খসড়া নিয়ে দেশের আদিবাসী অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে সভা করা হবে। এরপর প্রস্তাবনা আকারে জাতীয় সংসদে এই আইন পেশ করা হবে।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বেসরকারি সংস্থা আরডিসি ও উপজেলার রাখাইন সমাজকল্যাণ সমিতির সহযোগিতায় আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস সমুদ্রসৈকত কুয়াকাটার হলিডে হোমসের সমেঞ্চলনকক্ষে এ সভার আয়োজন করে। সভায় প্রধান আলোচক ছিলেন কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান। এ সময় আইএলওর পরামর্শক লিনা লুসাই, জেলা প্রশাসক অমিতাভ সরকার, রাখাইন সমাজকল্যাণ সমিতির সভাপতি, ভাষাসৈনিক উসুয়ে হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত এ ফেরদৌসীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আদিবাসী আইনের খসড়া উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ের অধ্যাপক ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের কারিগরি কমিটির সমন্বয়ক মেজবাহ কামাল।