'আদিবাসীদের প্রতি কেউ আন্তরিক নয়'
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, স্বাধীনতার ৪৩ বছরে কোনো সরকারই আদিবাসীদের প্রতি আন্তরিকতা দেখায়নি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাতে আদিবাসীদেরও রক্ত আছে। কিন্তু বাহাত্তরের সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া হয়নি। নিপীড়িত হয়ে আজ বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরা দেশান্তরী হতে বাধ্য হচ্ছে। শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে ১৯৯৭ সালে, কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা মাঠে গতকাল শুক্রবার জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত সমাবেশে সন্তু লারমা এসব কথা বলেন।
পরিষদের গোদাগাড়ী উপজেলা সভাপতি নন্দলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, রাজশাহীর সভাপতি বিমল রাজোয়ার, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বিচিত্রা তিরকি প্রমুখ।