'আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে'
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আদিবাসীরা অন্য জনগোষ্ঠীর মতোই এ দেশের নাগরিক। মুক্তিযুদ্ধসহ দেশের সব কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ রয়েছে। আদিবাসীরা তাদের পরিচয়ে থাকতে চায়। তাদের নিজস্ব ঐতিহ্য ও বৈশিষ্ট্য রয়েছে। এটা চাইলেই বদলানো যাবে না।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা ওই সব কথা বলেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয়ে এই সভার আয়োজন করে আদিবাসী দিবস উদ্যাপন কমিটি-২০১৩। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্টে পবিত্র ঈদুল ফিতর থাকায় গতকাল আদিবাসী দিবস পালনের আয়োজন করা হয়। এবার আদিবাসী দিবসের প্রতিপাদ্য ছিল ‘আদিবাসীদের অধিকারসংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আদিবাসী উন্নয়ন সংগঠন কুবরাজের সহসভাপতি প্রত্যুষ আশাক্রার সভাপতিত্বে ও লিসি সুমেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার একাংশ) আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত মনসিনিয়র মাসিমো, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম, বিশপ বিজয় এন ডি ক্রুজ প্রমুখ।
সাংসদ নওয়াব আলী আব্বাছ খান বলেন, ‘আমি জন্মলগ্ন থেকে দেখছি, পাহাড়ে যারা বাস করছে, তারা পান চাষ করছে। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের বনে থাকার অধিকার আছে। তাদের স্বীকৃতি দিতে হবে।’
সঞ্জীব দ্রং বলেন, ‘আমরা শান্তি চাই। উন্নয়ন চাই। সব মানুষ সমান। সব মানুষকে সম্মান করতে চাই। আমরা একা কোনো কাজ করতে পারব না।’ বিশপ বিজয় এন ডি ক্রুজ বলেন, ‘দেশে ৩০ লাখ আদিবাসী জাতিগোষ্ঠী আছে। বৃক্ষসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তারা অনেক ভূমিকা রাখছে। কিন্তু তাদের অবদান স্বীকৃতি পায় না। মানুষকে আমরা দলাদলি করে ভাগাভাগি করে পেছনে ঠেলে দিচ্ছি। আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করছি।’ পরে আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।