‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে সরকার প্রতারণা করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে সরকার আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় এসে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দিন বদলের সনদ: আদিবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, সংবিধানে ২৩(ক) ধারায় আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি গোঁজামিল দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা করেছে।অবস্থান পরিবর্তনের ফলে অনেক মন্ত্রীর মনোভাব পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আদিবাসীদের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তাদের পক্ষে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন। তিনি এখন ক্ষমতায় গিয়ে উল্টো কথা বলছেন। আইনমন্ত্রী শফিক আহমেদও এর আগে আদিবাসীদের অধিকার রক্ষা ও ক্রসফায়ার বন্ধের কথা বলেছেন। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, ক্ষমতায় আসার আগে তারা আদিবাসীদের অধিকার রক্ষার কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে সব আদিবাসীকে বাঙালি বানিয়ে দিয়েছে।সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের দেশীয় পরিচালক ফারাহ কবীর সেমিনার সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন।