‘আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য মাথায় রেখে নীতিমালা করুন’
আদিবাসী সব জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মাথায় রেখে নীতিমালা তৈরি করতে হবে। এই ছোট ছোট জনগোষ্ঠীর নানা প্রথা ও রীতি; যা যুগযুগ ধরে চলে আসছে। যেগুলো নিয়ম বলেই তাদের সমাজে প্রতিষ্ঠিত। আইন তৈরির সময় এ বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। গতকাল শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী অধিকার আইনবিষয়ক আঞ্চলিক মতবিনিময় সভায় আলোচকেরা ওই সব কথা বলেন। মতবিনিময় সভা আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের উদ্যোগে এবং অক্সফাম, গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) ও কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ককাসের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে সংসদীয় ককাস অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ আদিবাসী অধিকার আইনের খসড়া নিয়ে কাজ করছে। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্য ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে এবং বেসরকারি সংস্থা আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসীর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়রে ইতিহাস বিভাগের শিক্ষক এবং আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের কৌশলগত কমিটির সমন্বয়ক মেসবাহ কামাল। বাংলাদেশ আদিবাসী অধিকার আইনের খসড়া উপস্থাপন করেন ককাসের কৌশলগত কমিটির সদস্য গৌতম কুমার চাকমা। অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ বিজয় ডি ক্রুজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস। নির্ধারিত আলোচনা করেন আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের (এনসিআইপি) চেয়ারপারসন ম. হাবিবুর রহমান, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের জাতীয় সমন্বয়ক শরীফ জামিল ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপারসন পিডিশন প্রধান সুছিয়াং।