‘আদিবাসী’ শব্দটির ব্যবহার ‘পরিহার’ করার ‘অনুরোধ’ জানিয়ে সরকারি তথ্য বিবরণী প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ সরকারের মন্ত্রী, আদিবাসী নেতা, মানবাধিকারকর্মী এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তাঁরা এই তথ্য বিবরণী প্রকাশকে ‘হাস্যকর’, ‘বিভ্রান্তিমূলক’, ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস (৯ আগস্ট) ২০১৪-এর প্রাক্কালে ৭ আগস্ট এই তথ্য বিবরণী প্রকাশিত হয়। পরদিন শুক্রবার সরকারনিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসস এই তথ্য বিবরণীর খবর প্রকাশ করে। ওই তথ্য বিবরণীতে বলা হয়, ‘বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বর্তমানে দেশে আদিবাসীদের কোনো অস্তিত্ব না থাকলেও বিভিন্ন সময়, বিশেষ করে জাতিসংঘ ঘোষিত অান্তর্জাতিক আদিবাসী দিবসে “আদিবাসী” শব্দটি বারবার ব্যবহার হয়ে থাকে। উল্লেখ্য, পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীকে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।’
তথ্য বিবরণীতে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা ও টক শোতে ‘আদিবাসী’ শব্দটির ব্যবহার পরিহার করার জন্য অনুরোধ করে সব আলোচনা ও টক শোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে ‘বাংলাদেশের ক্ষেত্রে আদিবাসী শব্দটির ব্যবহার পরিহারের জন্য পূর্বেই সচেতন থাকতে অনুরোধ’ জানানো হয়েছে।
তবে আদিবাসী শব্দ ব্যবহার না করার এই ‘অনুরোধ’ রক্ষা করেননি খোদ সরকারের বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আদিবাসী শব্দটি ব্যবহার করেন। গতকাল বিকেলে সরকারি তথ্য বিবরণী নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে মেনন প্রথম আলোকে বলেন, ‘আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না, এমন কোনো সরকারি সিদ্ধান্ত নেই।’ তিনি এই তথ্য বিবরণীকে ‘বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমি আদিবাসী শব্দ ব্যবহার করেছি। আগামীতেও এই শব্দ ব্যবহার না করার কোনো কারণ নেই।’
মন্ত্রী মেননের মতোই আদিবাসী শব্দটি দ্বিধাহীনভাবেই ব্যবহার করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘জাতিসংঘের বিভিন্ন কনভেনশন ও ঘোষণাপত্রে আদিবাসী বা ইনডিজিনাস শব্দটি ব্যবহার করা হয়েছে। আদিবাসী শব্দটি ব্যবহার না করা বা এর বিরুদ্ধে বলার অর্থ হলো, জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে যে সাংবিধানিক প্রতিশ্রুতি আছে, তা লঙ্ঘন। আমরা কী ইসরায়েল হয়ে গেছি যে আন্তর্জাতিক কোনো আইনই মানব না?’
মিজানুর রহমান বলেন, আদিবাসী শব্দটির ব্যবহার না করার বিষয়ে নির্দেশ জারি করার পরামর্শ যারা দিয়েছে, তারা সরকারের ক্ষতি করতে চায়।
দেশের গণমাধ্যমেও গতকাল শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে যেসব সংবাদ ছাপা বা প্রচারিত হয়েছে, সেগুলোর বেশির ভাগেই আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে।
গতকাল শনিবার প্রকাশিত প্রথম আলোসহ মোট নয়টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা এবং তিনটি টেলিভিশন চ্যানেলের সংবাদ পর্যালোচনা করে দেখা যায়, সাতটি দৈনিক পত্রিকাই আদিবাসী শব্দটি ব্যবহার করেছে। এর মধ্যে ইংরেজি দুটি দৈনিক ডেইলি স্টার ও ইনডিপেনডেন্ট আদিবাসী শব্দটির ইংরেজি প্রতিশব্দ ইনডিজিনাস শব্দটি ব্যবহার করেছে। দৈনিক যুগান্তর গতকাল শনিবার আদিবাসী দিবস উপলক্ষে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘নৃগোষ্ঠী’ শব্দটি ব্যবহার করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘কেউ যখন আদিবাসী শব্দটি বলে তখন আমরা শব্দটি লিখি। তবে আমাদের লেখায় নৃগোষ্ঠী শব্দটি লেখা হয়।’
গত বছর থেকে তাঁরা এভাবেই শব্দটি ব্যবহার করছেন বলে জানান তিনি।
কালের কণ্ঠ পত্রিকা ক্ষুদ্র জাতিগোষ্ঠী শব্দটি ব্যবহার করেছে গতকাল ছাপানো বিভিন্ন প্রতিবেদনে। প্রথম আলোসহ আর যেসব দৈনিক পত্রিকা আদিবাসী শব্দটি ব্যবহার করেছে, এর মধ্যে আছে সমকাল, সংবাদ, জনকণ্ঠ ও মানবজমিন।
তিনটি টেলিভিশন চ্যানেলের মধ্যে ইনডিপেনডেন্ট ও দেশ টিভি আদিবাসী শব্দটি ব্যবহার করলেও মাছরাঙা টেলিভিশন ব্যবহার করেছে নৃগোষ্ঠী শব্দটি। এই ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে মাছরাঙার প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানবাধিকর সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল তথ্য বিবরণী প্রকাশকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করে প্রথম আলোকে বলেন, একটি জাতি বা মানুষ কী নামে নিজেদের অভিহিত করবে, তা তাদের ওপর নির্ভর করে। এ ধরনের আচরণ করলে সরকার নিজেকে অগণতান্ত্রিক হিসেবে প্রমাণ করবে।
২০১১ সালের ৩০ জুন পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ২৩ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, ‘রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন।’
২০০০ সাল থেকেই আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির দাবি করে আসছিল।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের আদিবাসী শব্দটি থাকলেও সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আদিবাসী শব্দটি উল্লেখ ছিল না।
পঞ্চদশ সংশোধনীর পরপরই আওয়ামী লীগ সরকার আদিবাসী শব্দটি ব্যবহার না করার বিষয়ে কঠোর অবস্থান নেয়। ২০১১ সালে আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রাক্কালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্মকর্তাদের আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আওয়ামী লীগ সরকার তাদের আদিবাসী-বান্ধব যে অবস্থান ছিল, সেখান থেকে সরে এসেছে। তিনি বলেন, আদিবাসীরাও আওয়ামী লীগ থেকে দূরে সরে যাবে।