২০০৩ সালের ৭ নভেম্বর দুই বছরের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল। এরপর দুই দফা সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও সম্মেলন হয়নি। বর্তমান কমিটিতে বিবাহিত, অছাত্র, বিদেশে থাকা, নিষ্ক্রিয়, চাকরি, ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসায় ব্যস্ত নেতাদের সংখ্যাই বেশি। মেয়াদোত্তীর্ণ কমিটির এসব নেতাকে দিয়েই চলছে সংগঠন। দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানান, ২০০৩ সালে কাউন্সিলরদের ভোটে কবিরুল ইসলাম শিকদার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এবং তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় কমিটি ১০১ সদস্যের কমিটি অনুমোদন করে। এরপর আর কমিটি হয়নি। দলের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক কবিরুল ইসলাম শিকদার পড়াশোনার পাট চুকানোর ১০ বছর পর সভাপতি হন। বর্তমানে তিনি ঠিকাদারি করছেন। দুই সন্তানের জনক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ১৯৮৮ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ওকালতি ও ঠিকাদারি করছেন। আর ১৮ জন সহসভাপতির সবাই অছাত্র এবং ১৫ জনই বিবাহিত। এর মধ্যে সোহেল আলম মজুমদার ইতালিতে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হক ও কামরুল হাসান ১৯৯০ সালে এসএসসি পাস করেন। সাংগঠনিক সম্পাদক কামরুল খান ২০০৫ সালে ক্রসফায়ারে মারা যান। প্রচার সম্পাদক তপু মজুমদার গ্রিসে আছেন। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল চট্টগ্রামে ভূমি জরিপের কাজ করেন। ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া বর্তমানে ডেনমার্কে। নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, ‘দলের শীর্ষ পর্যায়ের নেতারা কমিটি চান না বলেই সম্মেলন হচ্ছে না।’সভাপতি কবিরুল ইসলাম শিকদার (৪২) বলেন, ‘আমরা কাউন্সিলের মাধ্যমে পদ ছাড়তে চাই। আমার যে বয়স, এতে যুবলীগ না করেই আওয়ামী লীগে যাওয়ার কথা। বর্তমানে সম্মেলন হলে সারা দেশের ছাত্রলীগের মতো কুমিল্লার পরিবেশ নষ্ট হবে। তাই সম্মেলন হচ্ছে না।’সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘গতানুগতিক ধারায় ছাত্রলীগের কমিটি হলে চলবে না। কাউন্সিলরদের ভোটে কমিটি হওয়া দরকার।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি পদ ছাড়তে চাই, পদ আমাকে ছাড়তে চায় না।’কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অচিরেই আমরা এখানে কমিটি করব। গঠনতন্ত্র মোতাবেকই কমিটি হবে।’