'আধুনিক দাসত্বের' শিকার দেশের ১৫ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ‘আধুনিক কালের দাসত্বের’ শিকার মানুষের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের ১৫ লাখ ৩১ হাজার মানুষ আধুনিক দাসত্বের নিগড়ে বাস করে। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশন প্রকাশিত বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৬ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে এ দেশে দাসত্বের শিকার মানুষের সংখ্যা ছিল ৬ লাখ ৮০ হাজার ৯০০ মানুষ।

প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে দাসত্বের শিকার মানুষের সংখ্যা ৪ কোটি ৫৮ লাখ। এর মধ্যে ৫৮ শতাংশই ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও উজবেকিস্তানের। দাসত্বের দুর্দশায় পড়া মানুষের সংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ।

তবে মোট জনসংখ্যার নিরিখে বিশ্বের যে ২১টি দেশের অবস্থান আধুনিক দাসের সূচকে সবচেয়ে ওপরে, এর মধ্যে বাংলাদেশের অবস্থান ২১তম। এতে প্রথমে আছে উত্তর কোরিয়া। এ জরিপটি করতে ৫৩টি ভিন্ন ভাষায় ১৬৭টি দেশের ৪২ হাজার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রতিবেদনে ‘আধুনিক দাসত্বের’ সংজ্ঞায় বলা হয়, দেশভেদে এর সংজ্ঞার ভিন্নতা আছে। মানব পাচার, বলপূর্বক শ্রম, ঋণগ্রস্ততা, জোরপূর্বক বিয়ে, শিশু নিগ্রহ—এসবই আধুনিক দাসত্বের নমুনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে সস্তা শ্রমে তৈরি পণ্য পাঠানো হয় আধুনিক দাসত্ব বেশি আছে এমন ১০টি দেশ থেকে। এ তালিকায় দশম অবস্থানে আছে বাংলাদেশ। তালিকায় একেবারে প্রথমে আছে উত্তর কোরিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে উজবেকিস্তান ও কম্বোডিয়া। 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত ও নেপালে জোর করে বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা আছে। তবে বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয় এতে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নির্মাণকাজে থাকা বাংলাদেশি শ্রমিকদের ওপর নিগ্রহের কথা উঠে এসেছে প্রতিবেদনে। এ ছাড়া এতে আছে থাইল্যান্ডে মানব পাচারের শিকার বাংলাদেশিদের ওপর নির্যাতনের প্রসঙ্গ।