'আনন্দ আলো'র দুটি সাহিত্য পুরস্কার ঘোষণা
প্রতিবছরের মতো এবারও বইমেলায় ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৭’-এর মনোনীত লেখকদের নাম ঘোষণা করা হয়েছে। কারা এবার পুরস্কার পাচ্ছেন, সেটা জানিয়েছেন আয়োজকেরা।
এবার ১০ জন লেখককে সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কমিটির এক সভায় গত রোববার এ সিদ্ধান্ত হয় বলে জানান আয়োজকেরা। পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন প্রবন্ধে উনিশ শতকে পূর্ববঙ্গে ব্রাহ্ম আন্দোলন গ্রন্থের জন্য মুনতাসীর মামুন, কবিতায় যৌথভাবে জো গ্রন্থের জন্য হাবিবুল্লাহ সিরাজী, সাত দেশের কবিতা গ্রন্থের জন্য মুহাম্মদ সামাদ, শিশুসাহিত্যে কিশোর উপন্যাসে ছবির গল্প মধুবক গ্রন্থের জন্য হাশেম খান, ছড়ায় লাল জেব্রার ম্যাজিক গ্রন্থের জন্য লুত্ফর রহমান রিটন, উপন্যাসে যৌথভাবে প্রিয় এই পৃথিবী ছেড়ে গ্রন্থের জন্য আনিসুল হক, ডুগডুগির আসর গ্রন্থের জন্য প্রশান্ত মৃধা।
তরুণ লেখক ক্যাটাগরিতে প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ গ্রন্থের জন্য ফরিদ আহমেদ, মেঘ ও বাবার কিছু কথা গ্রন্থের জন্য দ্বিতীয় সৈয়দ হক ও নীল ফড়িং কাব্য গ্রন্থের জন্য শানারেই দেবী শানু এই পুরস্কার পেয়েছেন।
আগামী ৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
ঘোষণা করা হয়েছে এসিআই ফান কেক আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার। গতকাল গ্রন্থমেলায় চ্যানেল আইয়ের ‘বইমেলা সরাসরি’ অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। এ বছরের পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন রাত দুপুরে গ্রন্থের জন্য ইমদাদুল হক মিলন, দ্বীপের নাম জল পায়রা গ্রন্থের জন্য আলী ইমাম এবং মজার পড়া ৫০ ছড়া গ্রন্থের জন্য সোহেল মল্লিক।
আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান বলেন, ১১ মার্চ দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।