'আনন্দ মাটি হয়ে গেল'
গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সান্নিধ্যে ঈদ আনন্দে কাটলেও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে কষ্ট আর দুর্ভোগ সয়ে। জামায়াতে ইসলামীর ডাকা টানা দুই দিনের হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এতে চাপ বেড়েছে ট্রেনের ওপর। এ হয়রানির কথা মাথায় রেখে অনেকেই রাজধানীতে চলে এসেছেন হরতালের আগেই। কিন্তু বেশির ভাগ মানুষই আসতে পারেননি। তাই রাজধানী এখনো তার চিরপরিচিত চেহারা ফিরে পায়নি।
ঈদে বাড়ি যাওয়া যাত্রীরা ঢাকায় ফিরছেন ট্রেনের ছাদে করে—এ অতিপরিচিত দৃশ্য। তবে নারী ও শিশুরা মই বেয়ে নামছে—এ দৃশ্য হয়তো ততটা পরিচিত নয়। গতকাল বুধবার রাজধানীর দুটি রেলস্টেশনে দেখা গেল এ চিত্র।
বিকেল সাড়ে চারটায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে হুড়মুড়িয়ে নামলেন ত্রিশোর্ধ্ব এক নারী। আলাপে জানা গেল, তাঁর নাম সাজেদা খাতুন। বাড়ি জামালপুর। স্বামী আলম রহমান আর ছেলে আহনাফ কোনোরকমে ট্রেনের ভেতরে জায়গা করে নিতে পেরেছে। আর চাচাতো ভাইয়ের হাত ধরে সাজেদা উঠেছেন ট্রেনের ছাদে। সাজেদা বললেন, ‘আমি হরতালের জন্য ঈদের আগেই ফিরতি টিকিট করেছিলাম, কিন্তু কোনোভাবেই দরজা দিয়ে উঠতে পারিনি।’ অনেকটা হতাশ সাজেদা বলেন, ‘হরতালের জন্য ঈদের আনন্দ মাটি হয়ে গেল।’
বিমানবন্দর রেলস্টেশনে বেলা দুইটায় পৌঁছায় রাজশাহী থেকে আসা আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে সিএনজি অটোরিকশা খোঁজেন মাহফুজা। সঙ্গে পরিবারের সদস্যরা। যাবেন মিরপুর। অটোরিকশাওয়ালা ভাড়া হাঁকলেন ৩০০ টাকা। মাহফুজা বললেন, ‘অটোরিকশাচালক ৩০০ টাকা চাওয়ায় বাসস্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করি, ঘণ্টা খানেক দাঁড়িয়ে থেকে কোনো বাস না পেয়ে আবার সিএনজি খুঁজছি আপা।’ আর কিছু জানতে না চাওয়ার অনুরোধ করে বিরক্ত হয়ে চলে যান তিনি।