‘আনন্দদায়ক হতে হবে পাঠদান’
‘৩০ বর্গফুটের শ্রেণীকক্ষে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বসতে পারে। সেখানে ২০টি বেঞ্চ বসিয়ে ৬০ জনকে বসানো হচ্ছে। সামনের খালি ফ্লোরে বিছানা পেতে আরও ১৪ জনকে বসানো হয়। জায়গা স্বল্পতার কারণে অনেক সময় পাঠদান আনন্দদায়ক হয় না।’প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালী ফকির বাগান (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম এভাবে তাঁর বিদ্যালয়ের চিত্র তুলে ধরেন। বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল আমিন। এতে চৌগাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীর কাছে আনন্দদায়ক হতে হবে পাঠদান। তাহলেই শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। এ জন্য স্কুলের মাঠে খেলার সামগ্রী স্থাপন করতে হবে। শুধু শ্রেণীকক্ষে নয়, প্রাকৃতিক পরিবেশে হাতে-কলমে পাঠদানের ব্যবস্থা করতে হবে।