‘আনন্দের মধ্যে পড়ালেখা করলে ফল ভালো হবে’
মিলনায়তনের সামনে চলছে ঢোলবাদন। বিদ্যালয়ে পড়ুয়া ছোট শিক্ষার্থীদের চোখেমুখে হাসির ঝিলিক। হই-হুল্লোড়, নাচ-গান আর আলোচনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ছোটদের শিক্ষা-সংস্কৃতি উৎসব ২০১২।উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন। উৎসবে আরও উপস্থিত ছিলেন সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের প্রধান নির্বাহী আবুল মোমেন ও অবৈতনিক কেন্দ্রীয় সমন্বয়কারী শীলা মোমেন।প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহম্মদ বলেন, ‘এটা ঠিক যে শিশুদের বিনোদনের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ দিতে পারছি না। কিন্তু সীমাবদ্ধতার মধ্যেও শিশুদের মানসিক বুদ্ধি বিকাশে অভিভাবকদের ইনডোর গেমের ব্যবস্থা করতে হবে।’প্রধান আলোচক আবুল মোমেন বলেন, ‘সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিশুদের মধ্যে বিদ্যালয়ের অভিজ্ঞতাগুলোকে আনন্দময় করে তুলতে হবে। আনন্দের মধ্যে পড়ালেখা করলে ফলাফলও ভালো হবে। ফুলকি এই কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে।’বিশেষ অতিথি মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি মানসিক শক্তি বিকাশে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। এ জন্য শিক্ষক-অভিভাবক সবাইকেই এগিয়ে আসতে হবে।সমাপনী বক্তব্যে শীলা মোমেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শরীরে বড় হওয়া আর মনে বড় হওয়া এক নয়। মনে বড় হতে জ্ঞান অর্জন করতে হবে।’অনুষ্ঠানে আটটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। ফুলকির সহজপাঠের শিশুরা উদ্বোধনী পর্যায়ে ব্রতচারী নৃত্য পরিবেশন করে।