বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী (৬০) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানিয়েছে, শেখ মোজাফফর বিন মোহসিন (২৯) নামের ওই ব্যক্তিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদ প্রাঙ্গণ থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়।
ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো একমাত্র আসামি শেখ মোজাফফর। ডিবি জানিয়েছে, তিনি উগ্রপন্থী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা।
ফারুকীকে গত ২৭ আগস্ট রাতে দুর্বৃত্তরা তাঁর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। তিনি সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল রোববার জানান, আনসারউল্লাহ বাংলা টিমের তাত্ত্বিক নেতা মোজাফফরকে ফারুকী হত্যায় প্ররোচনাদানকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তাঁর বিভিন্ন বক্তব্যে (বয়ানে) ফারুকীর বিরুদ্ধাচরণ করেছেন, তাঁকে হুমকি দিয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা একটি বক্তব্যে ফারুকীকে উদ্দেশ করে মোজাফফর বলেছেন, ‘আল্লাহর দোহাই তাঁকে যদি কেউ কিছু না করে... আমি এই লোকের বিচার চাই।’ ওই হত্যার সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কয়েকজন আনসারউল্লাহ সদস্যকেও চিহ্নিত করা হয়েছে।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দীন রাহমানীকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, মোজাফফর পিস টিভি বাংলার প্যানেল বক্তা। পিস টিভির ওয়েবসাইটে তাঁর জীবনবৃত্তান্তে বলা হয়েছে, মোজাফফর প্রথম শ্রেণিতে দাখিল ও আলিম পাস করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল বলেন, শুরু থেকেই তাঁরা ফারুকী হত্যার জন্য উগ্রবাদীদের সন্দেহ করছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাফফর সরাসরি কিছু স্বীকার করেননি। তিনি বলেছেন, তাঁর বয়ানের শ্রোতারা কেউ ফারুকীকে হত্যা করে থাকতে পারে। গতকাল মোজাফফরকে আদালতে পাঠানো হয়।
ডিবি সূত্র জানায়, মোজাফফর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় গিয়ে বয়ান দিতেন। এ ছাড়া তাঁর বয়ানের অডিও এবং ভিডিও রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুরের একটি মসজিদ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ-মাদ্রাসায় তিনি প্রায়ই বয়ান দিতেন।