'আনসারুল্লাহ'র প্রধান জসীমসহ গ্রেপ্তার ৩১
দেশে গোপনে সক্রিয় উগ্রপন্থী আরেক গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে ৩০ জন অনুসারীসহ গ্রেপ্তার করেছে বরগুনার পুলিশ। গতকাল সোমবার দুপুরে বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়িতে বৈঠককালে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গোপন বৈঠককালে জঙ্গি সন্দেহে মুফতি জসীমসহ ৩১ জনকে আটক করা হয়। এরপর জানা যায়, জসীমউদ্দিন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনসারুল্লাহ-সংক্রান্ত কোনো তথ্য দেননি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন, তবে ধর্মীয় উগ্র মতবাদ প্রচারের কথা স্বীকার করেছেন তিনি।
এই সংগঠনের বিষয়ে প্রথম আলোতে গত ১৪ মার্চ ‘দেশে নতুন উগ্রপন্থী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়’ শিরোনামে অনুসন্ধানী খবর প্রকাশ করা হয়। ওই অনুসন্ধানে বেরিয়ে এসেছিল, আনসারুল্লাহ বাংলা টিম জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও হরকাতুল জিহাদের চেয়েও উগ্রপন্থী এবং তারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে।
আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ ব্লগারদের এবং তাঁদের সমর্থনকারীদের কতল বা হত্যা করার জন্য মুফতি জসীমউদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহীতে একটি ‘ইসলামী মহাসমাবেশে’ তাঁর অনুসারীদের প্রতি আহ্বান জানান, যা ‘ইসলামের আলো’ নামে একটি ওয়েবসাইটে প্রচারও করা হয়। পরে তিনি মোহাম্মদপুরের বছিলায় তাঁর প্রতিষ্ঠিত মসজিদে জুমার নামাজের আগে-পরে একাধিক বক্তৃতায় একই ফতোয়া দেন।
মুফতি জসীমউদ্দিন মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। এই মারকাজুলের অধীন তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি ওয়াজ, জুমার নামাজের খুতবা, পুস্তিকা ছাপিয়ে ও ইন্টারনেটের মাধ্যমে উগ্র মতবাদ প্রচার এবং তরুণদের ‘জিহাদে’ উদ্বুদ্ধ করে আসছেন। একই সঙ্গে তিনি গোপন জঙ্গি তৎপরতা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেছে সূত্রগুলো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মুফতি জসীমউদ্দিনকে কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
বরগুনার পুলিশ সুপার শ্যামল চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, মুফতি জসীমউদ্দিন একজন উগ্রপন্থী নেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে।
এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বরগুনা থানায় একটি মামলা করা হয়েছে।
মুফতি জসীমউদ্দিন রাহমানীর (৪৩) সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি ব্যক্তিরা হলেন আবদুর রহমান মাতুব্বর (৩৯), আশ্রাব আলী (৩৪), আউয়াল সিরাজ (৪৫), ইউসুফ মৃধা (২৪), আলমগীর হোসেন (৪৩), মো. জামাল হোসেন (৪৫), আবদুল জব্বার (৬০), মো. বাদল (৩০), কারি আবদুস সালাম (৩৮), মো. আবু সালেহ্ (৫০), মো. হাসান (১৯), মো. আসলাম (৩৭), আবদুল্লাহ (১৮), নাঈম (১৮), আল-আমিন (২২), আবুল কালাম (৫০), ফোরকান (৩২), হাসান (১৭), মিজানুর রহমান (১৮), আবু সালেহ্ (২০), আইউব আলী (৫২), আবদুল্লাহ (২৫), সেলিম (৩২), মনিরুজ্জামান (২৮), মাঈনুদ্দীন (৪০), শহিদুল ইসলাম (৩০), খলিল হাওলাদার (৫০), জোনায়েত ইসলাম (১৭), আবদুল জলিল (৪০) ও মহিব্বুল্লাহ (১৮)। এর মধ্যে আইউব আলী, খলিলুর রহমান ও আবদুল জলিল মুফতি জসীমউদ্দিনের ভাই। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
গ্রেপ্তারের পর কয়েকজন ব্যক্তি জানান, তাঁরা সবাই মুফতি জসীমউদ্দিনের অনুসারী। তাঁর আমন্ত্রণে বয়ান শোনার জন্য ওই বাড়িতে সমবেত হন। সেখানে তাঁদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মুফতি জসীমউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামের মৃত নূর হাওলাদারের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ জসীমউদ্দিন বরগুনা শহরের ইসলামিয়া হাফেজি মাদ্রাসা থেকে হাফেজি পাস করে ঢাকার মোহাম্মদপুরে শায়খুল হাদিস আজিজুল হক প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৯০ সালে প্রথম দাওরা (মাওলানা) পাস করেন। এরপর তিনি ভারতের দেওবন্দে পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে হায়দরাবাদের সাবেলুস সালাম মাদ্রাসা থেকে মুফতি (ফিকা শাস্ত্রে) পাস করেন। এরপর তিনি ঢাকার জামেয়া রাহমানিয়া মাদ্রাসায় ও বরিশালের মাহমুদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। ২০০৪ সালে তিনি বরগুনা কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে প্রধান খতিব হিসেবেও চাকরি করেন। পরে তিনি সৌদি আরবের মদিনায় লিসানস বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর দেশে ফিরে প্রথমে ধানমন্ডির হাতেমবাগ মসজিদের খতিব ছিলেন। এরপর তিনি ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মারকাজুল উলুম আল ইসলামিয়া নামে একটি মাদ্রাসা ও একটি মসজিদ প্রতিষ্ঠা করেন।
২০১০ সালে ঢাকায় একটি গোয়েন্দা সংস্থার একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে মুফতি জসীমের উগ্র মতবাদ প্রচার সম্পর্কে জানান। তখনো তাঁর সংগঠনের নাম বের হয়নি।
ঢাকায় একাধিক গোয়েন্দা সূত্র প্রথম আলোকে জানায়, ঢাকার বছিলার ওই মসজিদে শুক্রবারের জুমার দিন বক্তৃতায় (খুতবা) মুফতি জসীমের বক্তব্যের মূল প্রতিপাদ্য থাকে সশস্ত্র জিহাদ এবং এ জন্য মুজাহিদ (যোদ্ধা), আনসার (মুজাহিদদের সাহায্যকারী) তৈরির বিষয়ে, যা আনসারুল্লাহ বাংলা টিমের পরিচালিত ওয়েবসাইটে (furqanmedia.wordpress.com) প্রচার করা হয়।
ওই মসজিদে প্রথম আলোর ঢাকার প্রতিবেদকেরা একাধিক জুমার নামাজে গিয়ে দেখেছেন, মুফতি জসীমের বয়ান শোনার জন্য ওই মসজিদে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তরুণেরা যান। অনেকে মোটরসাইকেল, গাড়িতে যান। তাঁদের বড় অংশ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ঢাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত থাকার অভিযোগে গত ২ মার্চ গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ ছাত্র এই গোষ্ঠীর অনুসারী বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন তখন জানিয়েছিলেন, তাঁরা মুফতি জসীমউদ্দিনের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়েছেন। তাঁরা পরে আদালতে দেওয়া জবানবন্দিতেও মুফতি জসীমের নাম বলেছেন।
মুফতি জসীমউদ্দিনের অনুসারীদের পরিচালিত ওয়েবসাইটে (furqanmedia.wordpress.com) গত ২২ মার্চ একটি অডিও বার্তায় মুফতি জসীমউদ্দিন বলেন, ‘হরতাল মুসলিমদের কাজ নয়। ক্যানসার হলে যেমন অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতে হয়, তেমনি মুসলিম জাতি হচ্ছে একটি ক্যানসার অপারেশনের রুম। এই জাতির মধ্যে যারা নাস্তিক-মুরতাদ হয়ে যায়, তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই হরতাল ছাড়, অস্ত্র ধর এবং আল্লাহর পথে যুদ্ধ কর।’ ওই বার্তায় তিনি আরও বলেন, ‘দেশের প্রশাসনের উচ্চপদে হিন্দু ও ইহুদিদের অনুসারীদের বসিয়ে আলেম-ওলামাদের হত্যা, নির্যাতন করা হচ্ছে। সুতরাং হরতাল-ফরতাল বাদ দিয়ে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়।’
মোরা আর কত মার খামু? শিরোনামে ওয়েবসাইটে আরেকটি অডিও বার্তায় মুফতি জসীমউদ্দিন বলেন, ‘শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিকে হত্যা করা হয়েছে। এসব চাপা দিতে সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভি ও আমার দেশ পত্রিকা বন্ধ ঘোষণা করেছে। জুরাইনের কবরস্থান থেকে সেই লাশেরা আওয়াজ শুরু করেছে। এসব অন্যায়ের প্রতিবাদের জন্য পবিত্র কোরআনে যুদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ এ রকম উগ্র বক্তব্যসংবলিত অডিও টেপ ওই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।
ব্লগার রাজীব নিহত হওয়ার পর মুফতি জসীমউদ্দিন তাঁর এক খুতবার বক্তব্যে রাজীবসহ ‘ইসলামবিদ্বেষী ব্লগারদের’ হত্যা করার ফতোয়া দিয়ে বলেন, ‘এসব নাস্তিক ব্লগারকে টার্গেট করে মেরে দিতে হবে, যাতে কোনো প্রমাণ না থাকে।’
গ্রেপ্তার হওয়ার পর গতকাল মুফতি জসীমের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের কী পদে আছেন, জানতে চাইলে এড়িয়ে যান জসীম। তিনি বলেন, ‘আমার কোনো নির্দিষ্ট সংগঠন নেই। আমি সহি ইসলাম প্রচারক।’ তবে তিনি ‘নাস্তিক’ ব্লগারদের হত্যার ফতোয়া দেওয়ার কথা স্বীকার করেন।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গত কয়েক বছরে বরগুনা ও আশপাশের এলাকায় প্রায় তিন হাজার অনুসারী তৈরি করেছেন মুফতি জসীমউদ্দিন। তাঁর তিন ভাই সাংগঠনিক কর্মকাণ্ডের সমন্বয় করেন।