'আনারস' ও 'তালা' নিয়ে কাড়াকাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে চেয়ারম্যান পদে ‘আনারস’ ও ভাইস চেয়ারম্যান পদে ‘তালা’ প্রতীক নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে কাড়াকাড়ি হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম লটারি ও সমঝোতার মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে তিন উপজেলার ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে নয়জন আনারস প্রতীক চেয়েছেন।
লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীই আনারস প্রতীক দাবি করেন। এর মধ্যে লটারির মাধ্যমে জাতীয় পার্টি-সমর্থিত মো. গোলাম মোস্তফা কামাল আনারস প্রতীক পেয়েছেন।
মনোহরগঞ্জ উপজেলায় চার প্রার্থীর মধ্যে তিনজনই আনারস প্রতীক চেয়েছেন।
এর মধ্যে ইসলামী আন্দোলনের মোহাম্মদ আক্তার হাসান আনারস প্রতীক পান।
দেবীদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে তিনজনই আনারস প্রতীক চেয়েছিলেন। সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ কে এম সফিকুল আলম ওই প্রতীক বরাদ্দ পান। ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে মনোহরগঞ্জ উপজেলার চার প্রার্থীর তিনজন এবং দেবীদ্বার উপজেলার পাঁচজনের মধ্যে তিনজন তালা প্রতীক দাবি করেন। এর মধ্যে মনোহরগঞ্জে এ এস এম শাহাদাৎ হোসেন ও দেবীদ্বারে মো. আবদুল হক খোকন তালা প্রতীক পান।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন উপজেলায় আটজন প্রার্থীর পাঁচজন ফুটবল প্রতীক দাবি করেন।
সমঝোতার মাধ্যমে লাকসাম উপজেলায় রাশিদা বেগম, মনোহরগঞ্জ উপজেলায় আফরোজা কুসুম ও দেবীদ্বার উপজেলায় মোসা. নাজমা বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।
লাকসাম উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ইউনুছ ভূঁইয়া বলেন, ‘আনারস প্রতীক চেয়েছিলাম। কিন্তু কাপ-পিরিচ প্রতীক পেয়েছি।’